চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আটক চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও পর্নগ্রাফি আইনে মামলা করছে র্যাব।
তাদের আটকের পরদিন বৃহস্পতিআর র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “পরীমনিসহ গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে বনানী থানায় তিনটি মামলা হচ্ছে। মাদক, পর্নগ্রাফি আইনে মামলাগুলো দায়ের করা হবে।”
গ্রেপ্তার অন্য দুজন হলেন পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপু এবং রাজের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সবুজ আলী।
র্যাব জানায়, পরিমনি ও দীপুর বিরুদ্ধ মাদক আইনে মামলা হচ্ছে। রাজের বিরুদ্ধে পর্নগ্রাফি ও মাদক আইনে এবং সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা হচ্ছে।
গ্রেপ্তার চারজনকেই বনানী থানায় তাদের হস্তান্তর করা হয়েছে বলে বিকালের ওই সংবাদ সম্মেলনে জানান র্যাবের মুখপাত্র।
সংবাদ সম্মেলনে পরীমনি ও রাজের বাড়ি থেকে উদ্ধার করা মদের বোতল, মাদকদ্রব্য এবং ‘পর্ন কন্টেন্ট’ দেখানো হয়।
বুধবার বিকালে ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে অভিযান শুরুর পর রাতে তাকে আটক করে নিয়ে গিয়েছিল র্যাব। রাতে একই এলাকায় চলচ্চিত্র প্রযোজক রাজের বাড়িতে অভিযান চালিয়ে তাকেও আটক করা হয়।
এর আগে মঙ্গলবার ডিজে পার্টি’ আয়োজনের আড়ালে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিশু হাসান ও মাসুদুল ইসলাম ওরফে জিসান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের তথ্যের ভিত্তিতেই পরীমনির বাড়িতে অভিযান চলে বলে র্যাব জানিয়েছে।
