Loading...

মাঝ আকাশে বিমানের পাইলট অসুস্থ, ১২৪ যাত্রী নিয়ে ভারতে জরুরি অবতরণ

| Updated: August 28, 2021 10:17:46


ফাইল ছবি ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে পাইলট ‘অসুস্থ হয়ে পড়ায়’ ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে

শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “ওই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন। তাদের অন্য ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে।”

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২২ ওমানের স্থানীয় সময় শুক্রবার ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাইটটি নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

হিন্দুস্থান টাইমসের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, আকাশে থাকা অবস্থায় পাইলট হৃদরোগে আক্রান্ত হলে তার সহকারী জরুরি ভিত্তিতে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিমানটি নাগপুর বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়।

পাইলটের ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল কি না, তাহেরা খন্দকার তা নিশ্চিত করেননি।

তিনি বলেন, “অসুস্থ বোধ করায় পাইলটকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।”

ওই ফ্লাইটের যাত্রী ও ক্রুদের ফিরিয়ে আনতে বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরে যাচ্ছে বলে জানান তিনি।

Share if you like

Filter By Topic