মাইক্রোসফট এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান  


FE Team | Published: October 30, 2021 17:01:26 | Updated: October 30, 2021 19:45:58


-- ছবি: রয়টার্স

বিশ্বের সবচেয়ে দামী প্রতিষ্ঠান এখন মাইক্রোসফট। অ্যাপলকে অবশেষে টপকাতে পেরেছে মার্কিন এ সফটওয়্যার জায়ান্ট। সম্প্রতি খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছিল প্রতিষ্ঠানটি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

অক্টোবরের চতুর্থ সপ্তাহের বুধবারে অ্যাপলকে বাজার মূ্ল্যে প্রায় ছুঁয়েই ফেলেছিল মাইক্রোসফট। কিন্তু শেষ অবধি আইফোন নির্মাতার দুই লাখ ৪৬ হাজার কোটি ডলার মূল্যমান পার করতে পারেনি প্রতিষ্ঠানটি, সন্তুষ্ট থাকতে হয়েছিল দুই লাখ ৪২ হাজার কোটি ডলার মূল্যমান নিয়েই।

কিন্তু হিসাব পাল্টে গেছে শুক্রবারেই। দিনশেষে মাইক্রোসফটের বাজার মূল্যমান দাঁড়িয়েছে দুই লাখ ৪৯ হাজার কোটি ডলার। অ্যাপল রয়ে গেছে দু্ই লাখ ৪৬ হাজার কোটি ডলারের ঘরেই।

সিএনবিসির প্রতিবেদন বলছে, সরবরাহ চেইনে সমস্যার কারণে নিজেদের চতুর্থ আর্থিক প্রান্তিকে ওয়াল স্ট্রিটের প্রত্যাশা অনুযায়ী আয় হয়নি অ্যাপলের। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, আনুমানিক প্রায় ছয়শ কোটি ডলার আয় কম হয়েছে। ডিসেম্বর প্রান্তিকে সরবরাহ চেইনে সমস্যা আরও বাড়বে বলেও ধারণা করছেন কুক।

প্রান্তিকের হিসাবে গত বছরের তুলনায় আইফোনের বিক্রি ৪৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। কিন্তু বিশ্লেষকদের অনুমান পূরণে ব্যর্থ হয়েছে এ খাতটিও। প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকে শুধু অল্প কয়েকদিন আইফোন ১৩ বিক্রির হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, মাইক্রোসফট নিজেদের প্রথম আর্থিক প্রান্তিক থেকেই আয় প্রত্যাশাকে ছাড়িয়ে যাচ্ছে। হিসাব-টানা-প্রান্তিকে গত বছরের তুলনায় আয় ২২ শতাংশ পর্যন্ত বেড়েছে। ২০১৮ সালের পর এবারই সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে প্রতিষ্ঠানটির।

পর্যায়ক্রমে এক ট্রিলিয়ন ও দুই ট্রিলিয়ন বাজার মূল্যমান পার হওয়া প্রথম প্রতিষ্ঠান অ্যাপল। ২০২০ সালে সৌদি আরবের রাষ্ট্র পরিচালিত তেল জায়ান্ট সৌদি আরামকোকে পেছনে ফেলে শীর্ষ স্থানটি দখলে নেয় প্রতিষ্ঠানটি।

বাজার মূলধনে গত বছরই শেষবারের মতো অ্যাপলকে পেছনে ফেলেছিল মাইক্রোসফট। সে সময় করোনাভাইরাস মহামারীর মুখে সরবরাহ চেইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।

মার্কিন এ সফটওয়্যার জায়ান্ট জুনে দু্ই ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য পার করে। পাঁচ বছরেরও বেশি সময় পর উইন্ডোজে বড় ধরনের আপডেট আনা ভূমিকা রেখেছিল সে সময়টিতে।

শুক্রবার দিনশেষে গত বছর ঠিক এই দিনের তুলনায় মাইক্রোসফটের শেয়ার মূল্য বেড়েছে ৪৮ শতাংশ। অন্যদিকে, একই সময়ে অ্যাপলের শেয়ার মূল্য বেড়েছে ১৩ শতাংশ।

Share if you like