মা হওয়ার খবর দিলেন পরীমনি


FE Team | Published: January 10, 2022 17:46:45 | Updated: January 11, 2022 10:29:38


চিত্রনায়িকা পরীমনি

মা হওয়ার খবর দিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তিনি জানিয়েছেন, তিনি ও অভিনেতা শরীফুল রাজ এখন সন্তানের অপেক্ষায় রয়েছেন।

সোমবার পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তিনি মা হচ্ছেন কি না- নিশ্চিত হতে পরীমনিকে ফোন করা হলে তিনি বলেন, হ্যাঁ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আপাতত বছরখানেক অভিনয় থেকে দূরে থাকতে চান বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।

অভিনেতা রাজ বলেন, সোমবারই চিকিৎসককে দেখিয়ে পরীমনি সন্তানসম্ভবা হওয়ার খবর নিশ্চিত হন তারা। তিনি পরীমনির সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে রাজের সঙ্গে একটি ছবিও পরীমনির ফেইসবুক পেইজে পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে শুভ কামনা রাজ, ধন্যবাদ পরীমনি।

এই পোস্টে মন্তব্য করার কোনো সুযোগ পরীমনি রাখেননি।

রাজ জানান, গত ১৭ অক্টোবর তারা ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন।

গত বছরের মাঝামাঝিতে গিয়াসউদ্দিন সেলিমের গুনীন চলচ্চিত্রের শুটিংয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সেলিম বলেন, দিন তিনেক আগে পরীমনি ও রাজ তাকে বিয়ের খবরটি জানিয়েছেন; তাদের জন্য শুভ কামনা রইল।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি চলচ্চিত্রে পরীমনি নাম নিয়ে ২০১৫ সালে নামার পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। ইতোমধ্যে দুই ডজন চলচ্চিত্রে নায়িকার চরিত্র রূপায়ন করেছেন তিনি।

গত বছরের মাঝামাঝিতে এক ব্যবসয়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে শোর ফেলে দেন তিনি। নাসির ইউ মাহমুদ নামে ওই ব্যবসায়ীকে পরে গ্রেপ্তারও করা হয়।

এর কয়েকদিন পর র‌্যাব বাড়িতে অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করে। তার বাড়িতে মাদক পাওয়ার কথা জানিয়ে মাদক মামলাও হয় তার বিরুদ্ধে।

তুমুল আলোচনার মধ্যে সেই মামলায় এক মাস কারাগারে থেকে তিনি মুক্তি পান গত ১ সেপ্টেম্বর।

মাদকের ওই মামলায় এর মধ্যে পরীমনির বিচার শুরু হয়েছে আদালতে।

গ্রেপ্তার হওয়ার আগে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে পরীমনির জন্মদিন উদযাপনের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

Share if you like