ময়মনসিংহ মেডিকেলে কোভিডে ১৬ মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ১৪


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: August 06, 2021 10:50:21 | Updated: August 06, 2021 15:11:59


ময়মনসিংহ মেডিকেলে কোভিডে ১৬ মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ১৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে; তাছাড়া উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও ১৪ জন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টার মধ্যে তারা মারা যায় বলে হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন জানান।

তিনি বলেন, কোভিড আক্রান্ত ১৬ জনের মধ্যে ছিল ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোণার ছয়জন, টাঙ্গাইলের দুইজন, জামালপুরের দুইজন ও গাজীপুরের একজন। উপসর্গ নিয়ে যারা মারা গেছে তাদের মধ্যে আছে ময়মনসিংহের সাতজন, জামালপুরের দুইজন, নেত্রকোণার তিনজন, সুনামগঞ্জের একজন ও শেরপুরের একজন।

গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন ৫১ জনকে ভর্তি করা হয়েছে জানিয়ে চিকিৎসক মহিউদ্দিন বলেন, একই সময় সুস্থ হয়েছে ৮৭ জন। বৃহস্পতিবার সকাল ৮টায় মোট রোগী ছিল ৫২৫ জন। তাদের মধ্যে আইসিইউতে ছিল ২৩ জন।

সংক্রমণের হার সম্পর্কে জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১১ জনের পরীক্ষায় শনাক্তের হার ছিল ২৩.৪৯ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৯৩ জন। সুস্থ হয়েছে ১২ হাজার ৩৪৯ জন।

Share if you like