Loading...

মমতার নিজের আসনের ফল নিয়ে অনিশ্চয়তা; হেরে গেলে কি মুখ্যমন্ত্রী হতে পারবেন?

| Updated: May 03, 2021 16:04:17


মমতার নিজের আসনের ফল নিয়ে অনিশ্চয়তা; হেরে গেলে কি মুখ্যমন্ত্রী হতে পারবেন?

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ‘ব্যাটেলগ্রান্ড’ নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবরের পর বিজেপির শুভেন্দু অধিকারীর পাল্টা দাবি চরম নাটকীয়তার জন্ম দিয়েছে।

ভোটগণনা ঘিরে বিভ্রান্তির মধ্যে আপাতত ফলাফল ঘোষণা স্থগিত করার কথা জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।

ভারতের এ রাজ্যে বড় জয়ে তৃতীয়বারের মত ক্ষমতায় যাচ্ছে মমতার দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তার নিজের আসনের ফল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মুখ্যমন্ত্রী মমতা নন্দীগ্রামের রায় ‘মেনে নেওয়ার’ কথা বলেছেন। আর সেই সঙ্গে তিনি আদালতে যাওয়ার হুমিকও দিয়ে রেখেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।

পত্রিকাটি লিখেছে, রোববার সকাল থেকে ১৭ রাউন্ড ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসে। কিন্তু সন্ধ্যার দিকে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার কারণে সঠিকভাবে ফল জানা যাচ্ছে না।

তার পরপরই বিজেপির শুভেন্দু ফোনে আনন্দবাজারের কাছে দাবি করেন, তিনি নন্দীগ্রামে ১৬২২ ভোটে জয়ী হয়েছেন।

আনন্দবাজার লিখেছে, মমতা পরে সাংবাদিকদের সামনে বলেন, ‘‘নন্দীগ্রাম নিয়ে উদ্বিগ্ন হবেন না। আমি নন্দীগ্রামের পক্ষে লড়াই করেছি কারণ আমি একটি আন্দোলন লড়েছি। নন্দীগ্রামের মানুষদের তাদের ইচ্ছা অনুযায়ী রায় দিতে দিন। আমি রায় মেনে নেব।

“আমি কিছু মনে করবো না। আমরা ২২১টির বেশি আসনে জিতেছি এবং বিজেপি নির্বাচনে হেরে গেছে।“

এরপরই আবার মমতার দল তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশনের গণনা যেহেতু শেষ হয়নি, এ নিয়ে অনুমাননির্ভর কথা না বলাই শ্রেয়।

নন্দীগ্রামে নিজের আসনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার খবর আসায় প্রশ্ন উঠেছে- দল সরকার গঠন করলে তিনি কি মুখ্যমন্ত্রী হতে পারবেন?

ভারতীয় সংবিধানের ১৬৩ ও ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, দেশটির কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হলে তাকে ভারতের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে ২৫ বা তার বেশি।

তাকে রাজ্যের বিধানসভার সদস্য হতে হবে। আর বিধানসভার সদস্য না হয়েও কেউ যদি মুখ্যমন্ত্রী পদে বসেন, তাকে রাজ্যপালের অনুমতি নিতে হবে।

কেউ হেরে যাওয়ার পরও তার দল যদি সংখ্যা গরিষ্ঠতা পায় এবং দলের নির্বাচিত সদস্যরা যদি তাকে নেতা নির্বাচিত করেন, তাহলে তার মুখ্যমন্ত্রী হতে আইনগত কোনো বাধা নেই।

তবে ভোটে না জিতেও মুখ্যমন্ত্রী হলে তাকে ওই পদে বসার ১৮০ দিনের মধ্যে কোনো একটি আসন থেকে জিতে আসতে হবে। তা না পারলে ছেড়ে দিতে হবে পদ।

পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪ আসনের মধ্যে দুটির ভোটগ্রহণ প্রার্থীর মৃত্যুতে স্থগিত রয়েছে। ফলে এর একটি আসনে ছয় মাসের মধ্যে জিতে এলেই মমতার মুশকিল আসান হতে পারে।

Share if you like

Filter By Topic