মতিঝিলের ওয়ার্কশপে হঠাৎ আগুনে পুড়ল বাস, প্রাইভেট কার


FE Team | Published: July 25, 2021 13:50:47 | Updated: July 25, 2021 17:12:22


মতিঝিলের ওয়ার্কশপে হঠাৎ আগুনে পুড়ল বাস, প্রাইভেট কার

লকডাউনের মধ্যে রাজধানীর মতিঝিলে একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ ও গ্যারেজে আগুন লেগে অন্তত দুটি বাস ও দুটি প্রাইভেট কার পুড়ে গেছে।

রোববার বেলা ১১টার দিকে মধুমিতা সিনেমা হলের পেছনে আই অগ্নিকাণ্ডের আগে শনিবার রাতে কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে পুড়েছে আরও দুটি বাস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সকালে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে যান।

আধা ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ওই গ্যারেজের ব্যাপক ক্ষতি হয়।

দুটি বাসের পাশাপাশি দুটো প্রাইভেট পোড়া অবস্থায় দেখা যায় সেখানে। তবে কীভাবে সেখানে আগুন লাগল সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে শনিবার রাত ৮টার দিকে কমলাপুরে বিআরটিসি কাউন্টারের সামনে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে আগুন লাগে।

এর মধ্যে বিআরটিসির একটি বাস পুরোপুরি পুড়ে গেছে, অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এরশাদ হোসেন।

তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না।

Share if you like