মতিঝিলে ১৫ তলা ভবনে ফাটল, ব্যবহারে ‘নিরুৎসাহিত’ করেছে ফায়ার সার্ভিস


এফই অনলাইন ডেস্ক | Published: March 06, 2022 22:51:58 | Updated: March 07, 2022 18:26:48


মতিঝিলে ১৫ তলা ভবনে ফাটল

ঢাকার মতিঝিলে মডার্ন ম্যানসন নামে ১৫ তলা একটি ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিলে সেখানে অবস্থানরতদের সরিয়ে নেওয়া হয়েছে; প্রাথমিক পরিদর্শনের পর ভবনটি ব্যবহারে নিরুৎসাহিত করেছে ফায়ার সার্ভিস।

রোববার সন্ধ্যায় ফাটল দেখা দেওয়ার খবরের পর পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবনটি ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রাত সোয়া ১০টার দিকে তিনি জানান, রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের অনুসন্ধান ও উদ্ধার দল ঘটনাস্থল পরিদর্শনের কাজ শেষ করেছে।

ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটি ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে।

মতিঝিলের ৫৩ নম্বরে অবস্থিত মডার্ন ম্যানসনে ব্যাংক, রেস্তোঁরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

রোববার সন্ধ্যা সাতটায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ওই ভবনের তৃতীয় তলায় ফাটলের খবর আসে। এরপর সেখানে গিয়ে ভবনটি থেকে লোকজনকে নেমে আসতে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের বার্তায় জানানো হয়, নিয়ন্ত্রণ কক্ষে খবর আসার পর তা পরিদর্শনে গিয়ে ভবনটির তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়েছে বলে দেখা যায়। পিলারের রডও বেরিয়ে গেছে।

এ অবস্থায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে বার্তায় উল্লেখ করা হয়।

Share if you like