মত প্রকাশের লড়াইয়ে শান্তির নোবেল পেলেন দুই সাংবাদিক


FE Team | Published: October 08, 2021 15:47:56 | Updated: October 09, 2021 12:33:52


মত প্রকাশের লড়াইয়ে শান্তির নোবেল পেলেন দুই সাংবাদিক

গণতন্ত্র আর টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত মত প্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ে স্বীকৃতিতে ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ পাচ্ছেন এবারের শান্তির নোবেল।

নরওয়ের নোবেল ইন্সটিটিউট শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০২তম নোবেল শান্তি পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেন, বিশ্বে গণতন্ত্র আর সংবাদপত্রের স্বাধীনতা ক্রমেই হুমকির মুখে পড়ছে। তার বিপরীতে দাঁড়িয়ে যারা এইসব আদর্শের জন্য লড়াই করে চলেছেন, সেই সকল সাংবাদিকের প্রতিনিধিত্ব করছেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ।

চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩২৯ জন ব্যক্তি আর প্রতিষ্ঠানের মনোনায়ন পেয়েছিল নোবেল কমিটি। তাদের মধ্যে রেসা আর মুরাতভই পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনা ভাগ করে নেবেন।

এবারের পুরস্কারের জন্য যাদের নাম এসেছিল, তাদের মধ্যে পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ, অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামও ছিল।

ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে ভূমিকার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিকে গতবছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে গত সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। পরের তিন দিনে ঘোষণা করা হয় পদার্থবিদ্যা, রসায়ন আর সাহিত্যের নোবেল।

আগামী ১১ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Share if you like