ঢাকার মগবাজার ওয়ারলেস গেটে বিকট এক বিস্ফোরণে একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার কিছুক্ষণ পরই ওই এলাকাটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে বলে স্থানীয়রা জানায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবন ধসে পড়েছে।
ওই ভবনের নিচতলায় সিঙ্গারের বিক্রয় কেন্দ্র ও খাবারের দোকান শরমা হাউজ ছিল, যা মিশে গেছে।
সড়কের পাশের ওই ভবনের বিপরীত দিকে আড়ং রয়েছে। বিস্ফোরণে আড়ংসহ আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে রাস্তায় পড়েছে।
সড়কের উপর দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে থাকতে দেখা গেছে।
ঘটনাস্থল থেকে আহত অনেককে কাছের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, “এই পর্যন্ত এই ঘটনায় ৩০ জনের মতো আহত হয়েছেন। আর তিনজন নিহত হয়েছেন।”
বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, কোনো ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে। কেউ কেউ বলছেন, কোনো ভবনের জেনারেটর কিংবা এসি থেকে বিস্ফোরণ ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেবাশীষ বর্ধন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে একটি ভবন ধসে পড়েছে- এমন খবর পাওয়ার পর আমাদের সদস্যরা সেখানে গেছে, কেউ যাচ্ছে। সেখানে কয়েকজন আটকাও পড়েছে এমন খবর আমরা পেয়েছি।”
উদ্ধার তৎপরতার জন্য মগবাজার-মৌচাক সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
