Loading...

ভোট নিরপেক্ষ হবে, মির্জা ফখরুলের দুশ্চিন্তা করার দরকার নেই: ওবায়দুল কাদের

| Updated: May 09, 2022 11:36:07


ভোট নিরপেক্ষ হবে, মির্জা ফখরুলের দুশ্চিন্তা করার দরকার নেই: ওবায়দুল কাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএমে হবে জানিয়ে ওবায়দুল কাদের ‘নিরপেক্ষ ভোট’ হওয়া নিয়ে মির্জা ফখরুল ইসলামের দুশ্চিন্তা করার দরকার নেই বলে মন্তব্য করেছেন।

তবে এজন্য নির্বাচন কমিশন ‘নিরপেক্ষ’ থাকার ওপর গুরুত্ব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সচিবালয়ে রোববার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে কাদের বলেন, "শেষ পর্যন্ত নির্বাচনে বিএনপি আসবে। তাদের অস্তিত্বের জন্যই তাদের আসতে হবে। আমরাও একটি শক্তিশালী বিরোধীদল সংসদে স্বাগত জানাই। বিরোধীদলের স্ট্যান্ড থাকুক।“

"নির্বাচন ইভিএমে হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে ভোট নিরপেক্ষ হবে, মির্জা ফখরুলের দুশ্চিন্তার কারণ নেই।"

শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের কথা তুলে ধরে দলের সাধারণ সম্পাদক বলেন, "প্রধানমন্ত্রী খোলা মনে বলেছেন- সব দল নির্বাচনে আসুক। সব দলকে নিয়েই আমরা ভোট করতে চাই। বিএনপিসহ সব দলকে নিয়ে ভোট করতে চাই। নির্বাচন ফেয়ার হবে নিশ্চয়তা দিচ্ছি।

"নির্বাচিত অনির্বাচিত বলে লাভ নেই; তাদের লোকও সংসদে আছে। সংসদে বিএনপি সদস্যদের পাঠিয়েছে, তারা কি অনির্বাচিত? তাদের কথা বলার এতে সুযোগ স্পিকার দেন, প্রধানমন্ত্রীও চান তারা আসুক। আমরা গুরুত্ব দিচ্ছি।"

তিনি বলেন, "ফখরুল সাহেব নিজেই গুরুত্বহীন হয়েছেন, তিনি সংসদে থাকলে জোরালোভাবে সংসদে বলতে পারতেন। একদিকে সংসদে বিএনপির এমপিও থাকবে, আবার পুর্ননির্বাচন করে প্রার্থী দেবেন।"

বিএনপিকে নির্বাচনে আনার উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, "আমরা বলব তাদেরকে নির্বাচনে আসতে। যদিও এটি বলা উচিত না। নির্বাচনে আসা তাদের অধিকার। এটা সুযোগের ব্যাপার না। তারা দেশের একটি বড় দল হিসেবে রাজনীতির আঙ্গিনায় আছেন।

"বিএনপি অধিকার প্রয়োগ না করলে তাদের অস্তিত্ব সংকট হবে, সে ধরনের পরিস্থিতি তারা তৈরি করবে না সেটি আমার বিশ্বাস।"

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগের সম্মেলন হবে নিয়মিত। তিন বছর শেষ হওয়ার আগেই সম্মেলন করেছি। এবারও ডিসেম্বরে সময় শেষ হবে, সেই বিজয়ের মাসেই সম্মেলন করতে চাই। আগামী নির্বাচন এবং সম্মেলনের দিকে নজর রেখে প্রস্তুতি নিতে বলেছেন।

"আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করতে বলেছেন। ঘোষণাপত্র আপডেটেড করে নির্বাচনী ইশতেহারও প্রস্তুতের জন্য গতকাল (শনিবার) মিটিংয়ে নির্দেশ দিয়েছেন। মেয়াদোত্তীর্ণগুলোর (কমিটির) সম্মেলন জাতীয় সম্মেলনের আগে শেষ করতে হবে।"

Share if you like

Filter By Topic