ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার


এফই ডেস্ক | Published: August 02, 2021 14:37:18 | Updated: August 02, 2021 20:00:43


ছবিঃ সংগৃহীত

ভূমধ্যসাগরের অতিরিক্ত যাত্রীবোঝাই একটি কাঠের নৌকা থেকে বাংলাদেশিসহ ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দুটি উদ্ধারকারী জাহাজ।

রোববার রাতে তিউনিসিয়া উপকূলে প্রায় ছয় ঘণ্টা ধরে চালানো অভিযানে এদের উদ্ধার করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন।

উত্তর আফ্রিকার উপকূল থেকে ৬৮ কিলোমিটার দূরে তিউনিসিয়ার জলসীমায় তাদের উদ্ধার করে জার্মানি ও ফ্রান্সের এনজিওর জাহাজ সি-ওয়াচ থ্রি ও ওশেন ভাইকিং।

অভিযানে নেতৃত্ব দেওয়া সি-ওয়াচ থ্রি উদ্ধার পাওয়াদের ১৪১ জনকে তুলে নেয় আর বাকি ২৫৩ জনকে নেয় ওশেন ভাইকিং। শেষ দিকে জার্মানির এনজিওটির উদ্ধারকারী জাহাজের ইয়ট নাদির উদ্ধারকাজে সহায়তা করে।

কাঠের নৌকাটিতে যে অভিবাসন প্রত্যাশীরা ছিলেন তাদের মধ্যে কারও মৃত্যু হয়েছে কিনা বা কেউ আহত হয়েছেন কিনা তা পরিষ্কার ছিলনা বলে রয়টার্স জানিয়েছে। তারা নৌকাটির পাটাতনে ও কিনারে ঠাসাঠাসি করে বসেছিলেন।

Share if you like