ভারতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৮


FE Team | Published: August 01, 2022 19:52:04 | Updated: August 02, 2022 18:03:47


ছবি: এনডিটিভি

ভারতে মধ্যপ্রদেশের জাবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

এনডিটিভি জানায়, সোমবার বিকালে জাবালপুরের দামোহ নাকা এলাকার কাছে নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ আগুন লাগে।

এতে হাসপাতালের ৫ রোগী ও তিন কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ। পুলিশ একথা জানিয়েছে।

জাবালপুরের পুলিশ সুপার অখিলেশ গৌর বলেন, বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল। আমাদের দল হাসপাতালের ভেতরে আটকে থাকা সবাইকে উদ্ধার করেছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Share if you like