Loading...

ভারতে শিশুকে উদ্ধার করতে গিয়ে কুয়ায় পড়লেন ৪০ জন, নিহত ৪

| Updated: July 17, 2021 09:40:12


ছবিঃ এএনআই ছবিঃ এএনআই

ভারতের মধ্যপ্রদেশের এক গ্রামে কুয়ায় পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে অন্তত ৪ গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

বৃহস্পতিবার বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খেলতে গিয়ে ৮ বছর বয়সী এক মেয়ে ৪০ ফুট গভীর ওই কুয়ায় পড়ে যায়।

তাকে উদ্ধার করতে গ্রামবাসীরা কুয়ার কাছে ভিড় করলে এক পর্যায়ে দেয়াল ধসে আরও ৪০ জন কুয়ায় পড়ে যান।

উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করলেও এখনও অনেকে কুয়াটিতে আটকা পড়ে আছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের আঘাত গুরুতর নয়।

উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান।

“ঘটনাস্থলে থাকা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও উদ্ধার অভিযানে নজর রাখছি। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে বিদিশার দায়িত্বে থাকা মন্ত্রী বিশ্বাস সারেং সারারাত ঘটনাস্থলে ছিলেন। তিনি উদ্ধারকর্মীদের কাজ তদারক করেছেন,” বলেছেন চৌহান।

নিহতদের পরিবার প্রতি ৫ লাখ এবং আহতদেরকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

৮ বছর বয়সী ওই কিশোরীকে এখনও উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

Share if you like

Filter By Topic