Loading...

ভারতে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু

| Updated: January 02, 2022 13:41:08


প্রতীকী ছবি প্রতীকী ছবি

ভারতে হিন্দুদের একটি সুপরিচিত ধর্মীয় স্থানে পদদলিত হয়ে অন্তত ১২জন মারা গেছেন। আহত হয়েছে আরও অনেকে।  খবর বিবিসি বাংলা'র।

ভারত শাসিত কাশ্মীরের কাত্রায় ভক্তরা মাতা ভৈষ্ণু দেবীর মন্দির দর্শন করার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

প্রতিদিন সাধারণত এই মন্দির দর্শনে যান হাজার হাজার পূণ্যার্থী। ধারণা করা হচ্ছে ইংরেজি নববর্ষ উপলক্ষে ছুটির দিন থাকায় আজ শনিবার সেখানে পূণ্যার্থীর ভিড় ছিল অনেক বেশি।

শীর্ষ একজন পুলিশ কর্মকর্তা বলছেন, পদদলিত হয়ে আরও ১৪জন আহত হয়েছে। সবাইকে হাসপাতালে নেয়া হয়েছে।

ঊর্ধ্বতন একজন সরকারি কর্মকর্তা এএফপি বার্তা সংস্থাকে বলেছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ইংরেজি নতুন বছর উপলক্ষে মন্দিরে পূণ্যার্থীর বিশাল ভিড় ছিল।

কাত্রা শহরের কাছে এই মন্দিরটি ভারতে হিন্দু পূণ্যার্থীদের জন্য খুবই পবিত্র একটি ধর্মীয় স্থান। মহামারির কারণে মন্দিরে দর্শণার্থীর সংখ্যা এখন প্রায় ২৫ হাজারে সীমিত রাখা হচ্ছে।

আজ সকালে কী কারণে মন্দিরে এই পদপিষ্ট হবার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন ভিড় সামলানোর ক্ষেত্রে অব্যবস্থা ছিল।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করা হয়েছে।

মি. মোদী একটি টুইট বার্তায় বলেছেন: "মাতা ভৈষ্ণু দেবী ভাওয়ানের মন্দিরে পদদলিত হয়ে মানুষের মৃত্যুর ঘটনায় খুবই মর্মাহত হয়েছি। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন এই কামনা করি।"

 

Share if you like

Filter By Topic