Loading...

ভারত থেকে ৪২০টি রেল ওয়াগন কিনতে চুক্তি

| Updated: February 07, 2022 11:34:16


ভারত থেকে ৪২০টি রেল ওয়াগন কিনতে চুক্তি

বাংলাদেশ রেলওয়ের জন্য ৪২০টি ওয়াগন কিনতে ভারতের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার।

২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ২১৯ মার্কিন ডলারে হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এসব ব্রডগেজ ওয়াগন কিনবে বাংলাদেশ।

রোববার দুপুরে রেল মন্ত্রণালয়ের সভাকক্ষে হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) প্রদীপ গুহ এবং বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক মিজানুর রহমান চুক্তিতে সই করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন অনুষ্ঠানে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেলওয়ের উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। যাত্রী সেবার মান উন্নয়নসহ রেলপথ নির্মাণ ও সংস্কারের পাশাপাশি মালামাল পরিবহনের ক্ষেত্রেও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন।”

এর অংশ হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ভারত থেকে এই ৪২০টি ব্রডগেজ ওয়াগন সংগ্রহের প্রস্তাবে ২০২১ সালের ১৪ ডিসেম্বর অনুমোদন দেওয়া হয়।

স্টেইনলেস স্টিলের তৈরি এসব ওয়াগন উচ্চগতিসম্পন্ন এবং অটোমেটিক এয়ার ব্রেক সম্বলিত। সাধারণ পণ্যের পাশাপাশি খাদ্যশস্য, সার, পাথর, কাঠের মত বিশেষায়িত পণ্যও এসব ওয়াগনে করে কম খরচে ও কম সময়ের মধ্যে নিরাপদে গন্তব্যের পৌঁছানো সম্ভব হবে বরে অনুষ্ঠানে জানানো হয়।

মন্ত্রী বলেন, রেলওয়ের টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার ২০১৩ সালে ২০ বছর মেয়াদী মাস্টার প্ল্যান অনুমোদন করেন, যেখানে ২ লাখ ৩৩ হাজার ৯৪৪ কোটি টাকা ব্যয়ে চার ধাপে ২৩৫টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়।

পরে ২০১৮ সালে নতুন রোলিং স্টক কেরা, উন্নত মেরামত ব্যবস্থা, আধুনিক সিগনালিং সিস্টেম ও ট্র্যাক গেজ অন্তর্ভুক্ত করে মাস্টার প্ল্যান সংশোধন করা হয়।

সংশোধিত মাস্টার প্ল্যান অনুযায়ী ২০১৬ সালের জুলাই  থেকে ২০৪৫ সালের জুন  পর্যন্ত ছয়টি ধাপে মোট পাঁচ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয়ে মোট ২৩০টি প্রকল্প বাস্তবায়িত হবে।

Share if you like

Filter By Topic