তিন ম্যাচের সিরিজে শুরুটা হয়নি ভালো। মালদ্বীপের কাছে হেরেছিল বাংলাদেশ জাতীয় ভলিবল দল। দ্বিতীয় ম্যাচেই তার মধুর প্রতিশোধ নিল লাল-সবুজ জার্সিধারীরা।
মালদ্বীপের রাজধানী মালের সোশ্যাল সেন্টার ইনডোর হলে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ৩-১ সেটে জিতেছে বাংলাদেশ।
স্বাগতিকদের বিপক্ষে একই ব্যবধানে হেরে বাংলাদেশ সিরিজ শুরু করেছিল।
প্রথম সেট ২৫-২১ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটে আধিপত্য ধরে রাখতে পারেননি হরষিত রায় ও আল জাবিবরা, হেরে যান ২৫-১৬ পয়েন্টে।
তৃতীয় সেট হয়েছে একপেশে, বাংলাদেশ জিতে নেয় ২৫-১৫ ব্যবধানে। জমজমাট চতুর্থ সেটে ২৫-২১ পয়েন্টে জিতে সিরিজে সমতা ফেরায় আলিপোর আরোজির দল।
শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।