ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস দুর্ঘটনার কারণে আখাউড়া রেলস্টেশনে আটকা পড়েছে।
আখাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ওসি মাজহারুল করিম বলেন, চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেনটি সিলেটের দিকে যাচ্ছিল। মুকুন্দপুর ও হরষপুর সেকশনে ট্রেনের একটি ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে বলে জানান ওসি।