ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিং ব্যর্থতায় লড়াইও করতে পারল না বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দ্বিতীয় ম্যাচ হারল মাহমুদউল্লাহর দল।
রান তাড়ায় কোনো হোঁচট নয়, কোনো উত্তেজনা নয়, বাংলাদেশকে কোনো সুযোগ দেওয়া নয়, ইংল্যান্ড জিতে গেল অনায়াসেই। এক প্রান্তে জেসন রয়ের আগ্রাসন, আরেক প্রান্তে দাভিদ মালানের ঠাণ্ডা মাথায় ব্যাটিংয়ে ইংলিশরা জিতে গেল ৮ উইকেটে। লক্ষ্য ছুঁয়ে ফেলল তারা ৩৫ বল বাকি রেখেই।
৩৮ বলে ৬১ করে রয় আউট হওয়ার পর কাজ শেষ করেন মালান ও জনি বেয়ারস্টো। ২৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন মালান, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বাংলাদেশের ব্যর্থতায় ভরা ম্যাচ
শুরুতে ব্যর্থতা ব্যাটিংয়ে, এরপর ষোলোকলা পূর্ণ বোলিংয়ে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে ধুঁকতে বাংলাদেশ করতে পারে ১২৪ রান। সেটিও শেষদিকে স্পিনার নাসুম আহমেদ ব্যাট হাতে ৯ বলে ১৯ রান করতে পারায়।
উইকেট ব্যাটিংয়ে জন্য সহজ ছিল না। বোলিং-ফিল্ডিং ভালো করলে অন্তত লড়াই করা যেত। কিন্তু হতাশাময় দিনে বাংলাদেশের বোলিংয়েও দেখা গেল না ন্যূনতম ধার। শরীরী ভাষায় ফুটে উঠল না লড়াইয়ের মানসিকতাই। সব মিলিয়ে তাই জুটল বড় পরাজয়।
সুপার টুয়েলভে দুই ম্যাচের দুটিই হারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর বাংলাদশকেও অনায়াসে হারাল ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৯ (লিটন ৯, নাঈম ৫, সাকিব ৪, মুশফিক ২৯, মাহমুদউল্লাহ ১৯, আফিফ ৫, সোহান ১৬, মেহেদি ১১, নাসুম ১৯*, মুস্তাফিজ ০; মইন ৩-০-১৮-২, ওকস ৪-০-১২-১, রশিদ ৪-০-৩৫-০, জর্ডান ২-০-১৫-০, মিলস ৪-০-২৭-৩, লিভিংস্টোন ৩-০-১৫-২)।
ইংল্যান্ড: ১৪.১ ওভারে ১২৬/২ ( রয় ৬১, বাটলার ১৮, মালান ২৮*, বেয়ারস্টো ৮*; সাকিব ৩-০-২৪-০, মুস্তাফিজ ৩-০-২৩-০, শরিফুল ৩.১-০-২৬-১, নাসুম ৩-০-২৬-১, মেহেদি ২-০-২১-০)।