ব্যাংক, পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বেড়েছে


FE Team | Published: May 23, 2021 17:51:23 | Updated: May 24, 2021 12:09:28


ব্যাংক, পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বেড়েছে

মহামারীর বিস্তার ঠেকানোর বিধিনিষেধের মেয়াদ বাড়লেও ব্যাংকে লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে।

ব্যাংকের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বেড়েছে।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে গত এপ্রিল থেকে বিধি-নিষেধ চলছে, রোববার তা আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেয় সরকার। তবে যান চলাচলসহ কিছু ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিল করা হয়।

এরপর বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংক আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।

বিধি-নিষেধের মধ্যে এতদিন ব্যাংকগুলোতে ২টা পর্যন্ত লেনদেন চলছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, বিধি-নিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর লেনদেন পরবর্তী আনুষ্ঠানিক কাজ সম্পাদনের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে লেনদেন এখন থেকে বেলা ২টা পর্যন্ত চলবে।

পুঁজিবাজার এতদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা ছিল।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল সরকার নানা বিধি-নিষেধ আরোপের পর ব্যাংক লেনদেনের সময় কয়েক দফায় বদলেছে।

১৪ এপ্রিল সর্বাত্মক লকডাউন জারির পর থেকে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলছিল।

ঈদের আগে ব্যাংকে লেনদেনের ভিড় বাড়ার সম্ভাবনা থেকে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়। এখন তা আরও আধা ঘণ্টা বাড়ল।

তবে লেনদেনের সময় এখনও স্বাভাবিক সময়ের চেয়ে দেড় ঘণ্টা কম।

Share if you like