বেলারুশ উড়োজাহাজ নামানোয় ‘স্তম্ভিত’ বৈশ্বিক বিমান সংস্থাগুলো


FE Team | Published: May 24, 2021 17:01:01 | Updated: May 25, 2021 15:26:40


রায়ানএয়ারের এই উড়োজাহাজটিকেই বেলারুশের মিনস্ক বিমানবন্দরে নামানো হয়েছিল। ছবি: রয়টার্স

বেলারুশে রায়ানএয়ারের একটি উড়োজাহাজকে জোর করে নামানোর অভিযোগ ওঠার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বৈশ্বিক বিমান সংস্থাগুলো। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

রোববার বেলারুশে ঘটা বিরল এ ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে তারা।

জাতিসংঘের বিমান চলাচল সুরক্ষা ও দুর্ঘটনা তদন্ত বিষয়ক বিশেষ সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভিন্নমতাবলম্বী এক সাংবাদিককে গ্রেপ্তার করতে লিথুনিয়ার পথে থাকা রায়ানএয়ারের একটি উড়োজাহাজের গতিপথ ঘুরিয়ে মিনস্কে নামতে বাধ্য করার অভিযোগ উঠেছে বেলারুশ সরকারের বিরুদ্ধে।

গ্রিস থেকে লিথুনিয়াগামী ওই উড়োজাহাজটি বেলারুশের আকাশপথে থাকাকালে সম্ভাব্য নিরাপত্তা হুমকি থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে ফ্লাইটটিকে বেলারুশের মিনস্ক বিমানবন্দরে অবতরণ করতে বলে দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল। সেটিকে পাহারা দিয়ে আনতে মিগ-২৯ যুদ্ধ বিমানও পাঠানো হয়।

বেলারেুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, বোমা আতঙ্কের কারণে উড়োজাহাজটির গতিপথ ঘুরিয়ে সেটিকে মিনস্কে জরুরি অবতরণ করানো হয়, তবে তাতে কোনও বোমা পাওয়া যায়নি।

অভিযোগ উঠেছে, বেলারুশের টেলিগ্রাম চ্যানেল নেক্সটা মেডিয়া নেটওয়ার্কের ভিন্নমতাবলম্বী সাবেক সম্পাদক রোমান প্রোতেসেভিচকে আটক করার জন্যই মিথ্যা বোমা সতর্কতা জানিয়ে আন্তর্জাতিক আকাশপথে থাকা উড়োহাজাটিকে মিনস্কে নামানো হয়। উড়োজাহাজটিতে করে প্রোটাসেভিচ গ্রিস থেকে লিথুনিয়া যাচ্ছিলেন।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আইসিএও বলেছে, ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি করা আন্তর্জাতিক নিয়ম-নীতির অংশ মূল বিমান চলাচল চুক্তির লঙ্ঘন হতে পারে।

আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইনের বিধানের সঙ্গে সঙ্গতিহীন যে কোনো বেসামরিক বিমান চলাচলে বাধাদান ও সেটিকে নামানোর তীব্র নিন্দা জানাই আমরা। উপযুক্ত আন্তর্জাতিক কর্তৃপক্ষগুলোর মাধ্যমে এ ঘটনার পূর্ণ তদন্ত হওয়া দরকার।

বিরল এই ঘটনা কয়েক দশকের পুরনো বিমান চলাচল সহযোগিতা পদ্ধতির উপযোগিতা নিয়ে বিতর্ক উস্কে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Share if you like