বৃষ্টির প্রবণতা কমবে দুদিনে: আবহাওয়া অফিস


FE Team | Published: July 02, 2021 15:27:12 | Updated: July 03, 2021 10:16:42


বৃষ্টির প্রবণতা কমবে দুদিনে: আবহাওয়া অফিস

আষাঢ়ের দ্বিতীয়ার্ধে দেশজুড়ে মাঝারি থেকে ভারি বর্ষণ চলছে; বৃষ্টির এ প্রবণতা আগামী দুদিন কমে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে দেশের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে।

শুক্রবারও থেমে থেমে রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি চলছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিন। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

ভারি বর্ষণ হলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার ভূমিধসের শঙ্কার কথাও মনে করিয়ে দিয়েছে আবহাওয়া অফিস।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান বলেন, গত তিন দিন ধরে বৃষ্টিপাত হয়েছে বেশ। আগামী দুদিনও দেশের সর্বত্র বৃষ্টি থাকবে; তবে বৃষ্টিপাতের প্রবণতা কমবে। যে পরিমাণ বৃষ্টি তিন ধরে চলল, আগামী কয়েক দিন পরিমাণে ততটা হবে না।

এ আবহাওয়াবিদ জানান, জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের মধ্যাঞ্চলে বৃষ্টি থাকতে পারে তুলনামূলকভাবে বেশি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বহ্মপুত্র-যমুনা ও পদ্মার পানি বাড়ছে, আগামী ৭২ ঘণ্টা তা অব্যাহত থাকতে পারে।

উত্তর পূর্বাঞ্চলে আপার মেঘনা অববাহিকায় নদ-নদীর পানি বেড়ে কোথাও কোথাও আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।

Share if you like