বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় আসামিদের সাজা হবে কি না, তা জানা যাবে রবিবার।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান এদিন দুপুরে আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন।
বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট। ওই শিক্ষায়তনে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি।
আবরারের বাবা, এ মামলার বাদী বরকত উল্লাহ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের সর্বোচ্চ সাজার আশায় রয়েছি আমরা।”
এ ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঁঞা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা র্যাগিং কালচার, চাঁদাবাজি, জোর করে কথা শুনতে বাধ্য করা- এসবের বিরুদ্ধে এ মামলার মাধ্যমে সবাইকে সচেতন করে দিতে চাই।
“মামলায় ৪৬ জন সাক্ষী ভালোভাবে সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছেন । আশা করি ২৫ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।”
অন্যদিকে আসামিপক্ষের অন্যতম আইনজীবী আমিনুল গণী টিটো বলেন, “এ আদালতে যা কিছুই আদেশ আসুক না কেন, উচ্চ আদালত থেকে আমরা ছাড়া পাব।”
তার ভাষ্য, “ঘটনার পর প্রথমে দাখিল করা জিডিটাই এফআইআর হিসাবে গণ্য করা উচিৎ ছিল। পরের এজাহারে আসামিদের নাম ঢোকানো হয়েছে। আসলদের ছেড়ে দিয়ে নকলদের আসামি করা হয়েছে।”
২০২০ সালের ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলা বিচারে এসেছিল। দুই পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে গত ১৪ নভেম্বর বিচারক এ মামলার রায়ের জন্য ২৮ নভেম্বর তারিখ রাখেন।
