Loading...

বুধবার থেকে এক সপ্তাহ বন্ধ থাকবে সব তফসিলি ব্যাংক

| Updated: April 13, 2021 16:31:09


বুধবার থেকে এক সপ্তাহ বন্ধ থাকবে সব তফসিলি ব্যাংক

করোনাভাইরাসের সংক্রমণ সামাল দিতে বুধবার থেকে যে এক সপ্তাহের লকডাউন দিয়েছে সরকার, সেই সময়ে সব ব্যাংক বন্ধ থাকবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়েছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, “সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালীন সাধারণভাবে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।”

তবে ব্যাংকগুলোর এটিএম বুথ এবং অনলাইন সেবা চালু রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চলমান লকডাউনে ব্যাংকগুলো খোলা রয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

আর লেনদেনের পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা থাকবে।

সোমবার এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত নানা নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়।

এই সময়ে অফিস ও পরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এই সময় সব সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প কারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।

লকডাউনের মধ্যে শপিংমল বন্ধ থাকবে; কাঁচাবাজারে কেনাবেচা হবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। হোটেল-রেস্তোরাঁ নির্দিষ্ট সময় শুধু খাবার বিক্রি, সরবরাহ করতে পারবে।

এই সময় অতি জরুরি দরকার ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তবে টিকা কার্ড দেখিয়ে টিকা নিতে যাওয়া যাবে।

Share if you like

Filter By Topic