বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের ‘সময় নিয়ে বের হওয়ার’ পরামর্শ
এফই অনলাইন ডেস্ক |
Published:
December 14, 2021 14:47:56
| Updated:
December 15, 2021 11:40:27
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘সময় নিয়ে বের হতে’ অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি। সফরের প্রথম দিন তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও তার বৈঠক হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানমালার মূল আয়োজন হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে ১৬ ও ১৭ ডিসেম্বর এসব অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেবেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা প্রস্তুতি দেখার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, “বুধবার ভারতের রাষ্ট্রপতি দেশে আসবেন। ওইদিন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অতিথির নিরাপত্তার বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হয় বলেই কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
“এ অবস্থায় অনুরোধ করব, যারা পরীক্ষার্থী, তারা যেন হাতে সময় নিয়ে বের হন। কারো সমস্যা হলে তারা যেন জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করেন। প্রয়োজনে পুলিশ পরীক্ষা হলে পৌঁছে দিতে সহায়তা করবে।”
বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জীববিজ্ঞান প্রথম পত্র ও উচ্চতর গণিত প্রথম পাত্রের পরীক্ষা হবে। আর বেলা ২টা থেকে সাড়ে ৩টায় গৃহব্যবস্থাপানা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্রের পরীক্ষা হবে।