Loading...
The Financial Express

বিশ্ববিদ্যালয় খোলা যাবে ২৭ সেপ্টেম্বরের পর

| Updated: September 14, 2021 21:16:33


বিশ্ববিদ্যালয় খোলা যাবে ২৭ সেপ্টেম্বরের পর

আগামী ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেই বিশ্ববিদ্যালয়ের খুলে দিতে পারবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, “২৭ সেপ্টেম্বরের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে।”

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেই শিক্ষার্থীরা টিকা নিতে পারবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের এ কর্মকর্তা।

তিনি বলেন, “২৭ সেপ্টেম্বরের পর অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করতে পারবে। বিশ্ববিদ্যালয় চাইলে আবাসিক হলও খুলে দিতে পারবে।”

বৈঠকে থাকা ইউজিসির সদস্য দিল আফরোজ বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীর টিকার নিবন্ধন শেষ করতে বলা হয়েছে বৈঠকে।

“বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাই, তাদের জন্ম নিবন্ধন নম্বর ইউজিসিতে পাঠাতে হবে। এটা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। এরপরে সুরক্ষা অ্যাপে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে টিকার জন্য শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে।”

দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে গতবছরের মার্চে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হয়েছে। দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজেও সরাসরি ক্লাস শুরু হয়েছে সোমবার থেকে।

শিক্ষক-শিক্ষার্থীদের সবাইকে টিকার আওতায় এনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পরিকল্পনার কথা এর আগে জানিয়েছিল সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ক্লাস ও হল খোলার প্রস্তুতিও নিতে শুরু করেছে।

Share if you like

Filter By Topic