বিশ্বজুড়ে জনপ্রিয় যে থাই খাবারগুলো


সোফিয়া নুর রাফা | Published: July 30, 2022 16:37:53 | Updated: July 31, 2022 13:56:30


বিশ্বজুড়ে জনপ্রিয় যে থাই খাবারগুলো

থাই খাবারগুলোর জনপ্রিয়তা থাইল্যান্ড এবং এশিয়া মহাদেশ ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে অনেক আগেই। খাবারগুলোর পদের বিভিন্নতা, স্বাদ, এবং নাগালের মধ্যে থাকা দাম এদের জনপ্রিয়তার অন্যতম কারণ। থাইল্যান্ডের দেশি উপকরণে তৈরী খাবারের আশ্চর্য কম দাম পৃথিবীর নানান প্রান্ত থেকে ঘুরতে আসা ভ্রমণপিপাসু মানুষদের অনেক আকৃষ্ট করে।

প্যাড থাই নুডলস


ছবি: হট থাই কিচেন




জনপ্ৰিয় প্যাড থাই নুডলস থাই খাবারের মধ্যে অন্যতম সুস্বাদু খাবারগুলোর একটি। প্যাড থাই নুডলস স্টিয়ার ফ্রাইড নুডলস হিসেবেও পরিচিত। থাইল্যান্ডের রেস্টুরেন্টে অন্যতম প্রধান খাবার হিসেবেও এই খাবারটির চল রয়েছে। থাইল্যান্ডে ঘুরতে গিয়ে যদি এই খাবারটির স্বাদ না নেয়া হয় তাহলে মুখরোচক থাই স্ট্রিট ফুডের স্বাদ নেয়া হবেনা পরিপূর্ণভাবে।
স্টিয়ার ফ্রাই পদ্ধতিতে এই খাবারটি তৈরী করা হয় অর্থাৎ উনুনে তাপ বাড়িয়ে বারবার নেড়েচেড়ে রান্না করা হয়। রাইস নুডলস কে কড়াইতে ভেজে নিয়ে তার সাথে চিংড়ি, মুরগির মাংস, টফু, চিনাবাদাম, স্ক্র্যাম্বলড পদ্ধতিতে রান্না করা ডিম, শিমের অংকুর দিয়ে খাবারটি উপস্থাপন করা হয় ক্রেতার সামনে।

সাথে আরো দেয়া হয় প্যাড থাই সস যেটায় থাকে ফিশ সস, তেঁতুলের মিশ্রণ, চিনি এবং ভিনেগার। রাইস নুডলস এবং অন্যান্য উপকরণ মিলিয়ে খাবারটির সুগন্ধ মুহূর্তেই ভোজনবিলাসী মানুষের ক্ষুধা বাড়িয়ে দিতে সক্ষম। স্টিয়ার ফ্রাই করা খাবার পছন্দ করেন এমন কেউ এই খাবার খেয়ে তৃপ্তি মেটাতে পারবেন।

টম য়াম স্যুপ



ছবি: হট থাই কিচেন



এটি আরেকটি জনপ্রিয় থাই খাবার যেটি দেশে বিদেশে অনেকের কাছেই পরিচিত। মিষ্টি এবং ঝাল এর মিশ্রণের এই খাবার অনেকরকমভাবে তৈরী করা যায়। মাংস ছাড়া অথবা মাংস সহ উভয় পদ্ধতিতে রান্না করা সম্ভব জনপ্রিয় এই খাবারটি। বেশিরভাগ থাই খাবারের দোকানগুলো এই স্যুপ তাদের মেনুতে রাখে।

থাইল্যান্ডে নানান স্বাদে উপকরণে একেক জায়গায় খাবারটি একেকভাবে বিক্রি হয়। অনেকসময় স্যুপে ব্যবহার করা চিংড়ির আকারে একেক জায়গায় ভিন্নতা দেখা যায়। সবুজ শাকসবজি, টমেটো, কিউব আকারে কাটা মুরগির মাংস, ছোট চিংড়ি-ও ব্যবহার করা হয় এই স্যুপে।

কোকোনাট স্মুদি



ছবি: ফুডপান্ডা থাইল্যান্ড


থাইল্যান্ড এর কোনো সমুদ্র সৈকতে ঘুরতে গেলে এই পানীয়টি ছাড়া সমুদ্রবিলাস যেন অপূর্ণ। এই সরল উপায়ে তৈরী পানীয়টি মন চাঙ্গা করতে খুবই উপকারী। থাইল্যান্ডে সমুদ্র সৈকতগুলোর তীরেই দেখা মেলে বিভিন্ন খাবারের স্টলের যেখানে এই পানীয়টির দেখা মিলবে হরহামেশাই। সেই স্টলগুলোতে তৈরী কোকোনাট স্মুদির স্বাদ অত্যন্ত মজাদার। নারকেল ছাড়া অন্যান্য ফল দিয়েও তৈরী হয় নানান স্মুদি তবে বরফের কুচি মেশানো তুষারের মতো দেখতে এই কোকোনাট স্মুদির স্বাদ বাকি পানীয়গুলো থেকে অনন্য।



ম্যাংগো স্টিকি রাইস


ছবি: টেস্টি

এশিয়া মহাদেশের অনেকাংশে বেশ জনপ্রিয় এই খাবারটি। দক্ষিণ এশিয়াতে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায়

মিষ্টান্ন হিসেবে পরিচিতি রয়েছে এই খাবারটির। থাই খাবার হিসেবেও এর নাম জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে। মশলাদার যেকোনো থাই খাবার খাওয়ার পর এই খাবারের স্বাদ নিলে আহার শেষে মিষ্টি কিছু খাওয়ার চাহিদা মেটানো যায়।

আম টুকরো করে কেটে মিষ্টি আঠালো ভাতের সাথে মেশানো হয়। আমের টক স্বাদে ভারসাম্য আনার জন্য ব্যবহার করা হয় নারকেল দুধ। এই খাবারটির স্বাদ অনেকটা রাইস পুডিংয়ের মতো। অন্যান্য থাই খাবারের মতো এই খাবারটি একেক স্থানে একেকরকম উপকরণ দিয়ে পরিবেশন করা হয়। অনেক জায়গায় খাবারটি পরিবেশন করা হয় নারকেল ক্রিম এবং ছড়ানো তিল সহ।

গিয়োজা

ছবি: দা নিউ ইয়র্ক টাইমস

অর্ধচন্দ্রাকার দেখতে এই খাবারটি দেখতে যেমন শৈল্পিক, খেতেও তেমনই মজা। বাহিরে মসৃণ এবং মচমচে এই খাবারটি এবং ভেতরে পুর হিসেবে মুরগির মাংস, চিংড়ি বা শাকসবজি ব্যবহার করা হয়। এই খাবারটি মুখরোচক থাই ডাম্পলিং হিসেবে সারা পৃথিবীতেও ভীষণ জনপ্রিয়। চীনে উদ্ভুত এই খাবারটি সারা বিশ্বজুড়েই পরিচিত একটি খাবারের নাম।



সোফিয়া নুর রাফা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

sofiautilitarian@gmail.com

Share if you like