নিউ জিল্যান্ডে ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই দিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা।
কন্ডিশন বিরুদ্ধ, প্রতিপক্ষ কঠিন, চ্যালেঞ্জ আরও অনেক। তবে স্বপ্ন আকাশছোঁয়া। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে আত্মবিশ্বাসী উচ্চারণ, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চান। দারুণ কিছু উপহার দিয়ে স্মরণীয় করে রাখতে চান তারা আবির্ভাবের আসর।
বাংলাদেশ সময় শনিবার ভোর চারটায় শুরু এই ম্যাচ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ছেলেদের বিশ্বকাপ অভিষেকের সঙ্গে মেয়েদের একটু পার্থক্য আছে বটে। ১৯৯৯ বিশ্বকাপ ছিল সব মিলিয়েই বিশ্ব আসরে বাংলাদেশের প্রথম পদক্ষেপের পালা। টি-টোয়েন্টি ক্রিকেটের অস্তিত্বই তখন ছিল না। মেয়েদের দল চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে ফেলেছে এর মধ্যেই। তবে ওয়ানডে বিশ্বকাপের মর্যাদা, ওজন, গুরুত্ব, সবই অনেক বেশি। অনেক অপেক্ষার পর, অনেক কাঠখড় পুড়িয়ে তবেই মিলেছে অভিজাত এই টুর্নামেন্টে খেলার টিকেট। ক্রিকেটারদের ভালোলাগার পরিধিও তাই অনেক বেশি।
স্রেফ মাঠে নেমেই সেই রোমাঞ্চের সমাপ্তি চায় না বাংলাদেশ দল। মাঠ ছাড়তে চান তারা বিজয়ীর বেশে। এমনিতে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ খুব বেশি পায় না এই দল। ওয়ানডে মর্যাদা পাওয়ার ১১ বছরে সব মিলিয়ে ম্যাচ খেলতে পেরেছে দলটি ৪২টি। সবচেয়ে বেশি ম্যাচের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপেও প্রথম প্রতিপক্ষ তারাই।
প্রোটিয়া মেয়েদের সঙ্গে এই ১৭ ম্যাচে যদিও জয় স্রেফ ২টি। তবু চেনা প্রতিপক্ষ বলেই আত্মবিশ্বাস বেশি, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বললেন বাংলাদেশ অধিনায়ক নিগার।
আমাদের জন্য এবং সবার জন্যই প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে আমরা কীভাবে এগোবে, সেটা অনেকটা বোঝা যাবে। আমরা জয়ের জন্যই নামব। আমাদের জন্য এটা সুযোগ, কারণ দক্ষিণ আফ্রিকাকে আমরা ভালোভাবে জানি। জয় দিয়ে শুরু করার ভালো একটি সম্ভাবনা তাই আমাদের আছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা অনেক খেলেছি। তাদের শক্তি সম্পর্কে তাই আমাদের জানা আছে। ওদের পেসারদেরও আমরা খেলেছি। কিছু ধারণা তাই আছে। কিছু হোমওয়ার্ক অবশ্যই করেছি আমরা। পরিকল্পনাগুলো আমরা ম্যাচে বাস্তবায়ন করতে চাই।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ও নিবিড়ভাবে প্রস্তুতি সারতে বিশ্বকাপ শুরুর এক মাস আগে ঢাকা ছাড়ে নিগার সুলতানার দল। নিউ জিল্যান্ডে পৌঁছে অবশ্য কোয়ারেন্টিনে থাকতে হয় দিন দশেক। এরপর অকল্যান্ড ও নেলসনে চলে অনুশীলন পর্ব। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের পর গত সোম ও বুধবার তারা আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলে লিঙ্কনে।