Loading...

বিমান: আকাশেই 'হার্ট অ্যাটাক' করেছিলেন উড়োজাহাজটির পাইলট

| Updated: August 28, 2021 21:00:16


প্রতিনিধিত্বশীল ছবি প্রতিনিধিত্বশীল ছবি

ভারতের নাগপুরের বিমানবন্দরে শতাধিক যাত্রী নিয়ে জরুরি অবতরণ করা বিমানটির পাইলট নওশাদ আতাউল কাইউম আকাশে থাকা অবস্থাতেই 'হার্ট অ্যাটাক' করেছিলেন।

তিনি এখন ভারতের নাগপুরের হোপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার এনজিওগ্রাম করা হয়েছে। খবর বিবিসি বাংলার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বিবিসিকে এসব তথ্য জানিয়ে বলছেন, হাসপাতাল সূত্রে এসব তথ্য জানতে পেরেছেন তারা।

শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন মি. কাইউম অসুস্থ বোধ করলে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে।

মিজ খন্দকার বিবিসিকে বলেন, আকাশে বসে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথেই মি. কাইউম কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান।

একই সময়ে তিনি কো-পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন।

তাহেরা খন্দকার জানিয়েছেন, কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে তার নিকটস্থ নাগপুর বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে কো-পাইলটই বিমানটিকে অবতরণ করান।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটিতে ১২৪ জন যাত্রী ছিল।

তারা সবাইই নিরাপদে ছিলেন।

জরুরি অবতরণের পর মি. কাইউমকে নাগপুরের হোপ হাসপাতালে নেয়া হয়।

তার এনজিওগ্রাম করা হলেও তার শারীরিক অবস্থার বিস্তারিত আর কিছুই এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে শুক্রবারই আরেকটি ফ্লাইটে করে আট সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার নুরুল আমিন মধ্যরাতের পর বিমানটিকে যাত্রীসমেত ঢাকার বিমানবন্দরে উড়িয়ে নিয়ে আসেন তারা।

Share if you like

Filter By Topic