Loading...
The Financial Express

বিদেশে বসে ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্যদাতাদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ

| Updated: January 13, 2022 10:33:43


বিদেশে বসে ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্যদাতাদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি জ্যেষ্ঠ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বুধবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।
সুনির্দিষ্ট করে কারও নাম তিনি বলেননি। বলেছেন, যাচাই করে তাদের তালিকা করা হবে।

বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়, সেই বৈঠকেই বিষয়টি নিয়ে আলোচনা ওঠে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী মোজাম্মেল বলেন, “বিদেশে থেকে দেখা গেছে অনেকে এমন মিথ্যাচার করছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে সেটা বলতে পারে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধেও যেগুলো বলছে, সেটা রাষ্ট্রদ্রোহী।

“দুটি জিনিস আমরা সবসময়ই পার্থক্য করি- একজন ব্যক্তি আমার বিরুদ্ধে বলতেই পারে। আরেকটা হলো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।”

মোজাম্মেল হক বলেন, “রাষ্ট্রবিরোধী এসব কাজ যারা বিদেশে বসে করছে, তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয়, সেজন্য আমরা পরামর্শ দিয়েছি।”

বিদেশে থেকে বাংলাদেশিদের কেউ কেউ রাষ্ট্রবিরোধী প্রচার চালাচ্ছে বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে আসছেন বেশ কিছু দিন ধরে।


মন্ত্রী মোজাম্মেল বলেন, “তাদের তালিকা প্রস্তুত করা হোক, তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে এবং কোনটা রাষ্ট্রবিরোধী কাজ, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যারা সক্রিয়ভাবে, অব্যাহতভাবে এ কাজ করে যাচ্ছে, তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে।”

রোহিঙ্গাদের অপরাধপ্রবণতা কমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে চেষ্টা চালাতে বলেছে মন্ত্রিসভা কমিটি।

মোজাম্মেল বলেন, “রোহিঙ্গারা আমাদের দেশের নাগরিক নন। তাই আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে না। তাই কীভাবে তাদের অন্যায় কাজ থেকে বিরত রাখা যায়, সর্বোচ্চ প্রচেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী চালিয়ে যাবে, সেই নির্দেশনা তাদের দেওয়া হয়েছে।”

যে কোনো সরকারি চাকরিতে নিয়োগের আগে ‘ডোপ টেস্ট’ হবে বলেও জানিয়েছেন তিনি।

“শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আগেও ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট বাধ্যতামূলক করার জন্য দ্রুত একটি আইন করা হবে।”

Share if you like

Filter By Topic