Loading...

বিদায়ের আগে বৃষ্টি ঝরিয়ে ভুগিয়ে যাচ্ছে জোয়াদ

| Updated: December 08, 2021 17:56:57


ফাইল ছবি ফাইল ছবি

ঘূর্ণিঝড় জোয়াদ উপকূলে আসার আগেই শক্তি হারিয়ে পরিণত হয়েছে লঘুচাপে। তবে মিলিয়ে যাওয়ার আগে এই ডিসেম্বরে বৃষ্টি ঝরিয়ে ভুগিয়ে যাচ্ছে মানুষকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রাজধানীতে রোববার সকাল থেকেই থেমে থেমে হালকা বৃষ্টি চলছিল। সোমবার সকালে নগরবাসী কাজের তাগিদে রাস্তায় বেরিয়েই পড়েছেন মাঝারি বৃষ্টির বাগড়ায়।

টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে গেছে। যানবাহন তুলনামূলক কম হওয়ায় শিক্ষার্থী আর কর্মজীবীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, টানা বৃষ্টির এ দুর্ভোগ সোমবার সারাদিনই চলতে পারে।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ফদিপুরে দেশের সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যশোরে রয়েছে ৬৮ মিলিমিটার। এ ছাড়া দেশের অধিকাংশ এলাকায় গুঁড়ি গুঁড়ি অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর- উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে।

সোমবার সকালে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছিল এ লঘুচাপ।বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি ঝরিয়ে এটি ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়বে।

তবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মল্লিক বলেন, “সোমবারও কোথাও কোথাও বৃষ্টি থাকবে। তবে মঙ্গলবার পরিস্থিতির উন্নতি ঘটবে। বৃষ্টি সরে গিয়ে রোদেলা আবহাওয়ার আভাস রয়েছে।”

এখন ক্রমান্বয়ে রাতের তাপমাত্রা কমতে থাকবে। মেঘলা আবহাওয়া কেটে যাওয়ার পর উত্তর পূর্বাঞ্চলে বেশ শীত অনুভূত হবে। পৌষের শুরুতে শীত জেঁকে বসবে বলে আভাস দিচ্ছেন এ আবহাওয়াবিদ।

Share if you like

Filter By Topic