সুপ্রিম কোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে শোক জানিয়ে রোববার বন্ধ রাখা হয়েছে হাই কোর্ট ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্ট ও আপিল বিভাগের কার্যক্রম এক দিনের জন্য মুলতবি করেছেন বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর জানিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান বিচারপতি নাজমুল আহাসান। কোভিডে আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কোভিড থেকে সেরে উঠলেও পরবর্তী জটিলতায় তার মৃত্যু হয়।
এ বছরের শুরুতে বিচারপতি নাজমুল আহাসানসহ চারজন আপিল বিভাগে নিয়োগ পান। তাদের তিনজন গত ৯ জানুয়ারি প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিলেও অসুস্থ থাকায় বিচারপতি নাজমুল আহাসানের শপথ নেওয়া হয়ে ওঠেনি।
নাজমুল আহাসান আইনজীবী ও বিচারক হিসাবে তিন যুগ পার করেছেন আইন অঙ্গনে। তার জন্ম জন্ম ১৯৫৫ সালে। মাস্টার্স শেষ করে তিনি আইনের ডিগ্রি নেন এবং ১৯৮৬ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
পরে ১৯৯৪ সালে হাই কোর্ট বিভাগে এবং ২০০৯ সালে আপিল বিভাগে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
নাজমুল আহাসান হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান ২০১০ সালে। নিয়ম অনুযায়ী দুই বছরের মাথায় তার নিয়োগ স্থায়ী হয়।
