বিএনপি বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে: আইনমন্ত্রী


FE Team | Published: November 20, 2021 19:18:53 | Updated: November 21, 2021 15:16:17


বিএনপি বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে: আইনমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচির মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চাইলে বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাতে পারে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। কারাগার থেকে বেরিয়ে তিনি কয়েক দফা হাসাপাতালে ভর্তি হন। গত ১৩ নভেম্বর তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়সী খালেদা বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।

তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি আদায় করতে শনিবার সারাদেশে গণঅনশনে বসেন বিএনপির নেতা-কর্মীরা। এর আগে সরকার কয়েকবার প্রত্যাখ্যান করে তার বিদেশে যাওয়ার আবেদন।

আইনমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে আইনের মাধ্যমে যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন, খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে। তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সেক্ষেত্রে সরকারের বাধা থাকবে না।

ইউপি নির্বাচনে দলীয় প্রতীকের ব্যাপারে মন্ত্রী বলেন, মানুষের মনের কথা বুঝার চেষ্টা করে আখাউড়া ও কসবা উপজেলার ইউপিগুলোতে নৌকা প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দেড় শতাধিক সম্ভাব্য প্রার্থী বর্ধিত সভায় যোগ দেন। আইনমন্ত্রী সেখানে প্রধান অতিথি ছিলেন।

Share if you like