বিএনপি চেয়েছিল সাংবাদিক রোজিনা আরো কিছুদিন কারাগারে থাকুক: তথ্যমন্ত্রী


বাসস | Published: May 24, 2021 19:00:01 | Updated: May 25, 2021 15:55:44


বিএনপি চেয়েছিল সাংবাদিক রোজিনা আরো কিছুদিন কারাগারে থাকুক: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন সাংবাদিক রোজিনা ইসলামের জামিন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তাতে মনে হচ্ছে ওই সাংবাদিকের মুক্তিতে বিএনপি খুশি হয় নি।

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের রায়কে ফরমায়েশি রায় বলার প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বেগম রোজিনা ইসলাম গতকাল জামিনে মুক্তি পেয়েছেন। এজন্য সাংবাদিক সমাজের সাথে আমি নিজেও সন্তোষ প্রকাশ করেছি।

কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য দিয়েছেন, তাতে মনে হচ্ছে রোজিনা ইসলামের মুক্তিতে মির্জা ফখরুলসহ বিএনপি খুশি হয়নি। বরং তারা চেয়েছিল রোজিনা ইসলাম আরো কিছুদিন কারাগারে থাকুক, তাহলে তাদের জন্য রাজনীতি করার সুযোগ হতো। সেজন্যই হয়তো তার জামিনে মির্জা ফখরুল সাহেব খুশি হতে পারেননি, মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

বাংলাদেশী পাসপোর্টের নতুন সংস্করণে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞার কথাটি লেখা থাকছে না -এ বিষয়ে প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, পাসপোর্টের এই পরিবর্তনটা ইন্টারন্যাশনাল নর্মসের কারণে করা হয়েছে। কোনভাবেই এতে ইসরায়েলের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। কারণ ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। পাসপোর্টে লেখা থাকুক বা না থাকুক, বাংলাদেশীদের জন্য ইসরায়েল ভ্রমণ বন্ধ, একইসাথে ইসরায়েলের পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে আসাটাও বন্ধ থাকবে।

Share if you like