Loading...
The Financial Express

বাড়ি থেকে পালিয়ে বিয়ে বাড়াচ্ছে বাল্যবিয়ে: সংসদীয় কমিটি

| Updated: August 26, 2021 10:11:20


বাড়ি থেকে পালিয়ে বিয়ে বাড়াচ্ছে বাল্যবিয়ে: সংসদীয় কমিটি

অল্প বয়সের মেয়েরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করায় বাল্যবিয়ে বেড়ে যাচ্ছে বলে মনে করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

কমিটির এমন তথ্যের প্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর কারণ খুজেঁ বের করার পাশাপাশি এ বিষয়ে একটি জরিপও পরিচালনা করছে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

কমিটি আগের বৈঠকে এ সংক্রান্ত একটি সুপারিশ করে।

কমিটির সভাপতি মেহের আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রেম করে পালিয়ে বিয়ে করার কারণে যে বাল্য বিবাহ বাড়ছে, সেটা নিয়ে কেউ কথা বলে না। আমরা এজন্য জরিপ করতে বলেছি।

“এই মহামারীতে অবাধ ইন্টারনেট ব্যবহারের কারণে কম বয়সী মেয়েদের প্রেমের সম্পর্ক বেড়েছে। এরকম অনেক তথ্য আমাদের কাছে আসছে।"

সংসদীয় কমিটির ২৭ জুনের ওই বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, ওই দিন সভায় কমিটির সভাপতি মেহের আফরোজ নিজেই প্রসঙ্গটি তোলেন।

ওই বৈঠকে তিনি বলেন, অল্প বয়সের অনেক মেয়ে এখন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করছে। যার কারণে বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে।

পরে কমিটি বৈঠকে বিষয়টি সুপারিশ আকারে নিয়ে আসে।

বুধবারের বৈঠকে আগের সুপারিশের অগ্রগতি সম্পর্কে কমিটিতে অবহিত করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে মহিলা বিষয়ক অধিদপ্তর, শিশু একাডেমির মহাপরিচালক ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে পালিয়ে গিয়ে বিয়ে ও বাল্যবিয়ে বেড়ে যাওয়ার কারণ খুঁজে বের করা এবং এ বিষয়ে একটি জরিপ করার জন্য ইতোপূর্বে বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত কমিটিগুলোকে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে বৈঠকে ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের যে কোনো অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত রাখার সুপারিশও করা হয়।

এছাড়া প্রকল্পটির কাজ দ্রুত শেষ করতে কমিটি তাগিদ প্রদান করে।

কমিটি দেশের প্রতিটি সিটি করপোরেশন এলাকার নারীদের দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে নতুন করে আলাদা প্রকল্প নেওয়ার সুপারিশ করে।

বুধবার কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে সদস্য মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

Share if you like

Filter By Topic