বিদেশ থেকে দেশে মোট পণ্য আমদানি ২০২০ সালে তার আগের বছরের তুলনায় প্রায় সাড়ে ১০ শতাংশ কমে গেছে বলে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা গেছে।
এতে দেখা যায় যে গত বছর বাংলাদেশে পণ্য আমদানি ব্যয় দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৮০ কোটি ৪০ লাখ ডলার যা ২০১৯ সালে ছিল পাচ হাজার ৯০৯ কোটি ৪০ লাখ ডলার।
অবশ্য তারও আগের বছর মানে ২০১৮ সালে পণ্য আমদানির মোট ব্যয় দাঁড়িয়েছিল ছয় হাজার ৪৯ কোটি ৫১ লাখ ডলার। সে হিসেবে, ২০১৯ সালে আমদানি কমেছিল প্রায় আড়াই শতাংশ।
আমদানি ব্যয়ের এই হিসেব অবশ্য সিএন্ডফভিত্তিক যার মানে হলো পণ্যের মূল্যের সাথে বিদেশ থেকে পণ্য আনার জন্য জাহাজভাড়া তথা পণ্য পরিবহনের ব্যয় যুক্ত আছে।
আমদানিজনিত ব্যয়কে সাধারণভাবে আমদানির প্রধান সূচক বা নির্দেশক বিবেচনা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে আরো দেখা যায় যে বিগত বছরের প্রতি প্রান্তিকেই পণ্য আমদানি ব্যাপকভাবে কমে গেছে।
২০২০ সালের প্রথম প্রান্তিকে বা জানুয়ারি-মার্চ সময়কালে পণ্য আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় কমে গিয়েছিল প্রায় সাড়ে ৩৮ শতাংশ। তখন অবশ্য করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়েনি।
দ্বিতীয় প্রান্তিকে আমদানি ব্যয় ২০১৯ সালের এপ্রিল-জুন সময়কালে প্রায় ২১ শতাংশ কমেছে। তবে ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে আমদানি আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় সাড়ে ১১ শতাংশ কমে। আর বছরের শেষ প্রান্তিকে এসে তা কমে যায় প্রায় আড়াই শতাংশ।
সার্বিকভাবে করোনাভাইরাসের অভিঘাতে ব্যবসা-বাণিজ্য শ্লথ হয়ে পড়ায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের চাহিদা কমে যায়। তারই নেতিবাচক প্রভাব পড়েছে পণ্য আমদানির ক্ষেত্রে।
asjadulk@gmail.com