রাঙামাটির দুর্গম বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে অন্তত ৬৯টি দোকান এবং একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
উপজেলার দুরছড়ি বাজারে বৃহস্পতিবার সকাল ৯টার এই অগ্নিকাণ্ড ঘটে বলে খাগড়াছড়ি জেলার দিঘীনালা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মো. নূরনবী জানান।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নূরনবী বলেন, খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, বাঘাইছড়িতে কোনো ফায়ার স্টেশন না থাকায় দিঘীনালা থেকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাজারের একটি দোকানে তেল, মবিল, গ্যাস ও গ্যাসের চুলা বিক্রি করা হয়। সকালে চুলা মেরামত করার সময় সেখান থেকে আগুন দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৬৯টি দোকান ও একটি বসত পুড়ে যায়।
স্থানীয়রা বলছেন, বাজারে কয়েকটি তেলের দোকান, হলুদের গুদাম ও স্থানীয়দের বসতঘরও ছিল। আগুনে সব মিলিয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তারা।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা নূরনবীর দৃষ্টি আকর্ষণ করলে তাৎক্ষণিকভাবে তিনি কোনো তথ্য দিতে পারেন নাই।