Loading...

বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে পডকাস্ট - কেন শুনবেন, কীভাবে শুনবেন?

| Updated: February 07, 2022 20:49:12


বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে পডকাস্ট - কেন শুনবেন, কীভাবে শুনবেন?

হাল আমলে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইন্সটাগ্রামের নিউজফিড ঘেঁটেই দিন কেটে যায় অনেকের। অথবা অনেকে কানে হেডফোন লাগিয়ে জিমে শরীরচর্চা করেন, গাড়িতে বাজতে থাকে রেডিও বা গানের সিডি। 

তবে সম্প্রতি পরিচিত এই বিনোদনমাধ্যম বা যোগাযোগমাধ্যমের কাতারে যোগ হচ্ছে পডকাস্ট শোনার ট্রেন্ড। সম্প্রতি বাংলাদেশে তরুণদের মাঝে পডকাস্টের জনপ্রিয়তা বেড়েছে ।

পডকাস্ট কী? 

পডকাস্ট হলো কথোপকথন সম্পর্কিত একটি অডিও ফাইল যা কোনো ইলেকট্রনিক মিডিয়া ডিভাইসে ডাউনলোড করে রাখা যায়। সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ ব্যাক্তিরা/কনটেন্ট নির্মাতারা/আলোচকেরা নিজেদের কথাবার্তাকে পডকাস্ট হিসেবে প্রচার করেন 

পডকাস্টের বিষয় সাধারণত বিস্তারিত হয়, অথবা অনেকগুলো পর্বে ভাগ করা থাকে। বিস্তারিত আলোচনা হয় বিধায় এটি একটু সময় নিয়ে করতে হয়। ফলে প্রচলিত অডিও বা ভিডিওর তুলনায় পডকাস্টের আকার কিছুটা লম্বা হয়ে যায়। 

‘পডকাস্ট’ শব্দটি এসেছে ইংরেজি শব্দ আইপড ও ব্রডকাস্ট থেকে। পডকাস্টকে অনেকটা রেডিও প্রোগ্রামের মতই ধরা হয়। তবে এর সুবিধা হলো এটি রেডিও প্রোগ্রামের ন্যায় সময়মত শুনতে হয়না। 

একজন শ্রোতা পডকাস্টের পর্বটি ডাউনলোড করে তার পছন্দমত যেকোনো সময় এটি শুনতে পারেন। পডকাস্টের শুরুটা শুধু অডিও দিয়ে হলেও বর্তমানে ইউটিউবের কল্যানে ভিডিও পডকাস্টও অনেকে আগ্রহের সাথে শুনে থাকেন। 

অডিও পডকাস্টের মতো বিশ্বজুড়ে বিখ্যাত ভিডিও পডকাস্ট শো-গুলো ঘরে বসেই উপভোগ করতে পারেন দর্শক-শ্রোতারা।

পডকাস্ট কেন শুনবেন? 

পডকাস্টের সবচেয়ে বড় সুবিধা, যেকোনো কাজের মাঝে থাকার সময়ও এটি উপভোগ করা যায়, ঠিক যেন হেডফোন কানে লাগিয়ে গান শোনার মত, বা রেডিওতে টিউনড হয়ে থাকার মতো।  

হয়তো কেউ বাসায় খাবার রান্না করছেন বা জিমে গিয়ে ওয়ার্কআউট করছেন, জগিং করতে বের হয়েছেন অথবা ঢাকার অসহনীয় জ্যামে আটকে আছেন, এই সময়গুলো খুব সহজেই পডকাস্ট শুনে পার করে দিতে পারেন।

পডকাস্টের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের আলোচনা। তরুণ শ্রোতাদের জন্য সাম্প্রতিক ফ্যাশন, ট্রেন্ড, লাইফস্টাইল, গ্যাজেট, বিনোদন থেকে শুরু করে  বিশ্বরাজনীতি, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, ক্যারিয়ার ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে পডকাস্টে আলোচনা করা হয়। 

বর্তমানে পডকাস্টে আগ্রহী হচ্ছেন অনেক তরুণ কনটেন্ট নির্মাতা, তৈরি করছেন আকর্ষণীয় সব প্রোগ্রাম।

অনেকেই আছেন যারা পড়তে খুব একটা পছন্দ করেন না। তাদের জন্য পডকাস্ট হতে পারে শেখার নতুন একটি জগৎ। মোবাইলে পছন্দের পডকাস্টটি প্লে করে কানে এয়ারফোন গুজে দিলেই কাজ শেষ, এখন আলোচনা শুনেই জানা যাবে পছন্দের বইয়ের নাড়িনক্ষত্র। 

পডকাস্টে বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি অনেক সময় সে বিষয়ে অভিজ্ঞদেরকেও আমন্ত্রণ করা হয়। 

দেশের আলোচিত চিকিৎসক, মনোবিজ্ঞানি, খেলোয়ার, উদ্যোক্তাসহ বিশেষ ব্যাক্তিরা পডকাস্টে এসে আলোচনায় অংশগ্রহণ করেন। পডকাস্টের উন্মুক্ত ও বিস্তারিত আলোচনা থেকে তাদের পেশা বা কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এ ধরনের আলোচনা থেকে শিক্ষার্থীরা, বিশেষ করে যারা নির্দিষ্ট পেশায় ক্যারিয়ার গড়তে চান, তারা উপকৃত হতে পারে।

বাংলাদেশে পডকাস্ট

আমাদের দেশে পডকাস্ট শব্দটি বরাবরের মতই বেশ অপরিচিত। তবে বর্তমান তরুণ-তরুণীদের মাঝে পডকাস্ট বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর এই জনপ্রিয়তার মূলে রয়েছে দেশীয় কিছু পডকাস্ট চ্যানেল। 

ট্রাইনোমিয়াল পডকাস্ট (Trinomial Podcast) তার মধ্যে অন্যতম। ইউটিউব ভিত্তিক এই পডকাস্ট চ্যানেলটি প্রতিষ্ঠা করেন দেশের জনপ্রিয় তিন ইউটিউবার খালিদ ফারহান, সাদমান সাদিক ও এনায়েত চৌধুরী। দ্রুত জনপ্রিয়তায় মাত্র তিন মাসের মধ্যেই চ্যানেলটি ৩০ হাজার সাবস্ক্রাইবারের মাইল ফলক অর্জন করে ফেলে। 

সপ্তাহে প্রতি মঙ্গলবার সাম্প্রতিক বিষয় থেকে শুরু করে ব্যবসা, ক্যারিয়ার, পড়াশুনা, মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এখানে  আলোচনা করা হয়। তাছাড়া প্রতিমাসে অন্তত একবার হলেও দেশের বিভিন্ন আলোচিত ব্যাক্তিদের আমন্ত্রণ করা হয়, ফলে পডকাস্টটি হয়ে ওঠে তথ্যবহুল এবং উপভোগ্য। 

ট্রাইনোমিয়াল পডকাস্ট ছাড়াও এখন জন কবিরের I Started a Podcast, নাফিজ সালিমের 2 cents Podcast এবং আমিন অ্যান্ড আশিকের Just like a Podcast বেশ জনপ্রিয়। 

পডকাস্ট ও অডিওবুক 

পডকাস্ট এবং অডিওবুক দুটোই অডিও ফাইল হলেও তাদের মাঝে কিছু পার্থক্য আছে। অডিওবুক হলো কোনো বইয়ের সম্পূর্ণ অডিও রূপ। একটি বই পড়া সম্পূর্ণ রেকর্ড করে তা অডিওবুক হিসেবে প্রচার করা হয়। অন্যদিকে পডকাস্ট হলো কয়েকজন হোস্ট বা ব্যাক্তির মাঝে আলোচনা যা সাধারণত পর্ব ও রুটিনমাফিক প্রচারিত হয়। 

পডকাস্টের মতো অডিওবুকও অবসরে শোনার জন্য ডাউনলোড করে রাখা যায়। তবে অডিওবুক সাধারণত পডকাস্টের চেয়ে লম্বা সময়ের হয়। এক একটা অডিওবুক ৫ ঘন্টা থেকে শুরু করে ১০ ঘন্টা পর্যন্ত হতে পারে, যেখানে পডকাস্টের এপিসোড বা পর্বগুলো সাধারণত ১/২ ঘন্টার বেশি হয়না। 

সাজিদ আল মাহমুদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন।

shajidmahmud11@gmail.com



Share if you like

Filter By Topic