বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেবে চীন


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: May 21, 2021 21:20:19 | Updated: May 22, 2021 14:05:21


বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেবে চীন

দ্বিতীয় দফায় বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেওয়ার কথা জানিয়েছে চীন সরকার।

ঢাকায় চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে ফেনালাপের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিতীয় দফায় টিকা উপহার পাঠানোর ঘোষণা দেন।

তবে এই টিকা কবে নাগাদ বাংলাদেশে পৌঁছাতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দেয়নি চীনা দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর বর্তমান পরিস্থিতিতে নিবিড় মনোযোগ রাখছে চীন। জরুরি মুহূর্তে টিকার সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতেই উপহার পাঠানোর এ সিদ্ধান্ত।

এর আগে ১২ মে বাংলাদেশের কাছে প্রথম দফা উপহারের ৫ লাখ ডোজ টিকা হস্তান্তর করে চীন। সিনোফার্মের তৈরি ওই টিকা আগামী সপ্তাহ থেকে প্রয়োগ শুরু হবে এবং করোনাভাইরাস মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধারা অগ্রাধিকার পাবেন বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর আগে জানিয়েছিলেন।

Share if you like