বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার আশা
Published:
September 04, 2021 10:58:24
| Updated:
September 04, 2021 14:18:01
উজানের ঢলে দেশের নদ-নদীর ২২টি পয়েন্টে পানি বিপদ সীমার উপরে উঠে ১৫ জেলায় বন্যার বিস্তার ঘটলেও পানি দ্রুত নেমে যাওয়ার আশা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক বলেন, “পানি কোথাও বাড়ছে, কোথাও কমছে। আশা করছি, খুব দ্রুত পানি কমবে।”
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, যমুনা ও পদ্মা অববাহিকায় নদ-নদীর পানি বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। এ সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
কেন্দ্র জানায়, দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ঘাঘট, তুরাগ, পদ্মা, আত্রাই ও ধলেশ্বরী- ১০টি নদীর ২২টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বর্তমানে দেশের ১৫টি জেলা বন্যাক্রান্ত। জেলাগুলো হচ্ছে- কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর ও শরীয়তপুর জেলা।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ সপ্তাহের শেষ দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কুমিল্লায় ৮২ মিলিমিটার।
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দিয়েছে।
মহাপরিচালক বলেন, “পরিস্থিতির নিয়মিত প্রতিবেদন পাচ্ছি আমরা। এটা স্বাভাবিক, প্রতিবছর যেমন স্বল্পমেয়াদী বন্যা হয়ে থাকে। ঢল, বৃষ্টির কারণে যে দুর্ভোগ পোহাতে হয় তেমনি। খারাপ পরিস্থিতির আশঙ্কা করছি না।”
“পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতিমূলক সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে,” বলেন তিনি।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও আগে আভাস দিয়েছিল, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
গত বছর চার দফার বন্যায় সারা দেশে ৫ হাজার ৯৭২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয় বলে সরকারের হিসাব।