Loading...

ফেসবুক বন্ধ থাকায় ক্ষতির মুখে উদ্যোক্তারা, কবে খুলবে তা বলছে না বিটিআরসি

| Updated: March 29, 2021 22:09:16


ফেসবুক বন্ধ থাকায় ক্ষতির মুখে উদ্যোক্তারা, কবে খুলবে তা বলছে না বিটিআরসি

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককে বাংলাদেশের টেলিযোগযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তিন দিন ধরে বন্ধ রাখার পর সংস্থাটি এখন বলছে, কবে তা খুলে দেয়া হবে তা 'বলা যাচ্ছে না'।

ফেসবুকের তরফ থেকে শনিবারই বিবৃতি দিয়ে বলা হয়েছে, যে বাংলাদেশে তাদের 'একাধিক সেবা সীমিত করার' বিষয়ে অবগত আছে তারা, 'বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে' এবং আশা করছে যে, 'দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে'।

তবে এর পর দুদিন পরেও অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। যাদের লগইন করা আছে তারা পাচ্ছেন না কোন আপডেট। ভালভাবে কাজ করছে না মেসেঞ্জার সেবাও। এরকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন ফেসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা, খবর বিবিসি বাংলার।

ফেসবুক বন্ধ থাকার কারণে আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন ফেসবুক ব্যবহার করে ব্যবসা পরিচালনাকারী উদ্যোক্তারা। তারা বলছেন, ফেসবুক বন্ধ থাকায় অর্ডার কমে গেছে তাদের।

করোনাভাইরাস মহামারি সংকটের সময় পুঁজি কমে যাওয়ায় অনেকেই ফেসবুককেই ব্যবসার প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণ করেছেন। আবার অনেকের জন্য ব্যবসা পরিচালনার একমাত্র মাধ্যমই ফেসবুক।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী উদ্যোক্তা, যিনি ফেসবুকে একটি পেইজের মাধ্যমে হাতে আঁকা ছবি, আয়না ইত্যাদি বিক্রি করে থাকেন, তিনি বলছিলেন, ফেসবুক বন্ধ থাকার কারণে ক্রেতাদের সাথে যোগাযোগ করতে পারছেন না তিনি।

তিনি বলেন, তার এলাকায় ভিপিএনও কাজ করছে না। যার কারণে ফেসবুক ও মেসেঞ্জার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছেন তিনি।

এই উদ্যোক্তা জানান, এর আগে যারা বিকাশ এর মাধ্যমে টাকা পাঠিয়েছে সেসব নম্বরে অনেকটা আন্দাজেই ফোন করে যোগাযোগের চেষ্টা করছেন তিনি।

তিনি বলেন, "এখনো আমি অনেক জনের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারছি না। কারণ আমি মেসেঞ্জারে ঢুকতেই পারছি না। আর তাদের ফোন নম্বরও নেই আমার কাছে।"

ফেসবুকে সোয়াঙ্কি গার্লস নামে একটি ফেসবুক পেইজের মাধ্যমে নিজের ব্যবসা পরিচালনা করেন নওরীন হাবিব। তিনি বলেন, ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তার ব্যবসা পুরো বন্ধ হয়ে আছে। এই কয়েক দিনে নতুন কোন অর্ডার পাননি তিনি।

তিনি বলেন, "গত কয়েক দিন ধরে কোন লাইক, কমেন্ট কিচ্ছু নাই। পুরো শাটডাউন হয়ে আছে। সবাই তো জানেও না যে ভিপিএন কিভাবে ব্যবহার করতে হয়।"

বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরি কমিশন - বিটিআরসি'র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেছেন, "চালু করার বিষয়ে দিন-ক্ষণ কিছু বলা যাচ্ছে না।"

কেন ফেসবুক সেবা ব্যাহত করা হচ্ছে তার কারণ খোলাসা না করলেও সুব্রত রায় মৈত্র বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে'।

 

Share if you like

Filter By Topic