ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে


এফই অনলাইন ডেস্ক | Published: February 27, 2022 15:13:40 | Updated: February 27, 2022 20:29:28


ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে

চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের হরিণাঘাট এলাকায় মালবাহী একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে বলে ফেরিঘাটের ম্যানেজার মো. তুষার জানান।

ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আর ট্রাকচালক ও তার সহকারী অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে আসা লোহার পাইপবোঝাই একটি ট্রাক শনিবার রাতে হরিনা ফেরিঘাটের কামিনী নামে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ফেরিতে আরও কয়েকটি পণ্যবোঝাই ট্রাক থাকলেও সেগুলোর কোনো সমস্যা হয়নি।

ট্রাক চালক জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি চট্টগ্রাম বন্দর থেকে বড় আকারের নয়টি পাইপ নিয়ে খুলনায় যাচ্ছিলেন। ফেরি ছাড়ার পর তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

ফেরির ম্যানেজার তুষার বলেন, রোববার সকাল থেকে স্থানীয় ডুবুরি দিয়ে নদীতে ডুবে যাওয়া ট্রাক ও মালামাল উদ্ধারের চেষ্টা করছেন তারা। পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এদিকে হরিণা ফেরিঘাটের দুই নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Share if you like