ফেনীতে পূজা উদযাপন পরিষদের কর্মসূচিতে হামলার পর মন্দির ও হিন্দুদের দোকানপাটে ভাঙচুর-লুটপাটের ঘটনায় আরও দুজনকে আটক করেছে র্যাব।
রোববার রাতে অভিযান চালিয়ে আবদুস সালাম জুনায়েদ ও ফয়সাল আহমেদ আল আমিন নামে ওই দুজনকে আটক করার কথা জানান র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান।
তিনি বলেন, সাম্প্রতিক নাশকতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে শনিবার রাতে আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব নামে ২২ বছর বয়সী এক যুবককে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছিল র্যাব।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম ইউছুফ সে সময় বলেছিলেন, লাবিবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সাথে আরও যারা জড়িত তাদের নামও জানিয়েছে র্যাবকে।
দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে শুরু সহিংসতা শুরুর পর গত কয়েকদিনে তা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়।
এর প্রতিবাদে শনিবার ফেনীতে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ মিছিলের প্রস্তুতির মধ্যে হামলা হয়। জেলা শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় হামলাকারীরা। এরপর কয়েকটি মন্দির এবং হিন্দুদের মালিকানাধীন বেশ কিছু দোকানপাটে ভাংচুর, যানবাহনে অগ্নিসংযোগ করে করা হয়। সাত ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিনসহ ৪০ জন আহত হন।
ওই ঘটনায় রোববার ফেনী মডেল থানায় দুটি মামলা করে পুলিশ। দুই মামলায় প্রায় ৪০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, শনিবারের হামলার সময় ধারণ করা ভিডিও এবং সিসি ক্যামেরার ভিডিও দেখে তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তাদের এখনও গ্রেপ্তার দেখানো হয়নি।