ফেইসবুকে ‘হেফাজতের পোস্ট শেয়ার করা’ আ.লীগ নেতা কারাগারে


FE Team | Published: April 22, 2021 20:46:24 | Updated: April 23, 2021 16:52:03


ফেইসবুকে ‘হেফাজতের পোস্ট শেয়ার করা’ আ.লীগ নেতা কারাগারে

হেফাজতে ইসলামের সরকার বিরোধী পোস্ট ফেইসবুকে শেয়ার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায়আওয়ামী লীগের মানিকগঞ্জের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বৃহস্পতিবার দুপুরে তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার অলি আহমেদ (৫২) মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সিঙ্গাইর থানার ওসি আসলাম হোসেন জানান, ছাত্রলীগের এক নেতার মামলায় বুধবার রাতে অলি আহমেদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ মামলার বাদী উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি এবং সরকার বিরোধী হেফাজত ইসলামের বিভিন্ন অপপ্রচার আওয়ামী লীগের নেতা অলি আহমেদ তার ব্যক্তিগত ফেইসবুক পেজে নিয়মিত পোস্ট ও শেয়ার করতেন।

এ বিষয়ে তাকে একাধিকবার অবগত করা হলেও তিনি তাতে কান দেননি।

গত বুধবার হেফাজত ইসলামের সরকারবিরোধী একটি অপপ্রচার তিনি তার ফেইসবুক পেজে শেয়ার করেন উল্লেখ করে তিনি জানান, এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন।

এ ব্যাপারে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল ইসলাম জানান, ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে আগামীতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে অলি আহমেদ পোস্টার, ফেস্টুন ছাপিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন।

তিনি দাবি করেন, দলের নিবেদিতপ্রাণ কর্মী অলি আহমেদ মোবাইল ফোন ঠিকমতো ব্যবহার করতে পারেন না।

Share if you like