মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের দেওয়া সর্বশেষ তথ্য তুলে ধরে বলেছেন, ফুসফুস ও কিডনি জটিলতার কারণে বার বার জ্বরে আক্রান্ত হচ্ছেন খালেদা জিয়া। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
এয়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন বিএনপি মহাসচিব এই তথ্য জানান।
তিনি বলেন, চিকিৎসকদের কাছ থেকে যতটুকু জেনেছি তার (খালেদা জিয়া) হার্টের সমস্যা আছে, সেই সমস্যা না গেলে তার লাংগে যেভাবে পানি এসে যায় সেটা বন্ধ হবে না।
যেটা তারা (চিকিৎসক) মনে করছেন যে, কিডনি ইজ নট ফ্যাংশনিং প্রপারলি। তার লিভারও ঠিকভাবে কাজ করছে না।
এই কারণে জ্বর চলে গেলে আবারও তার জ্বর আসছে জানিয়ে তিনি বলেন, গতকাল (রোববার) তার জ্বর এসছিল।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফখরুল বলেন, তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। যেটা বার বার করে তারা বলছেন যে, আমাদের হাসপাতালগুলো ইকুইপ্ট না। তাকে অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা করানো উচিত।
হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।
পোস্ট কোভিড নানা জটিলতায় আক্রান্ত হয়ে খালেদা জিয়া গত ২৭ এপ্রিল বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
এর ছয়দিন পর (৩ মে) শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
পরে অবস্থার উন্নতি হলে এক মাস পর ৩ জুন চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে কেবিন ফিরিয়ে আনা হয়।
সিসিইউতে থাকা অবস্থায় গত ২৮ মে খালেদা জিয়া হঠাৎ জ্বরে আক্রান্ত হন। দুদিন পর তার জ্বর নিয়ন্ত্রণে আসে।
গত ১৪ এপ্রিল বিএনপি চেয়ারপারসনের করোনাভাইরাস পজিটিভ আসে।
ওই সময় তিনি গুলশানের বাসা ফিরোজায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
তিনি করোনামুক্ত হন ৯ মে।