ফিলিপাইন বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানের ৯৬ আরোহীর সবার খোঁজ পাওয়া গেছে, এদের মধ্যে ৪৭ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন।
রোববারের এ ঘটনায় বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে ভূমিতে থাকা তিন বেসামরিক নিহত এবং আরও চার জন আহত হয়েছেন বলে দেশটির জাতীয় প্রতিরক্ষা বিভাগের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার এক সংবাদ সম্মেলনে সব যাত্রীর খোঁজ পাওয়ার কথা জানান ফিলিপাইন সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা।
আহতরা সবাই এবং নিহতদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য বলে রয়টার্সকে জানিয়েছেন তিনি।
সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল এডগার্ড এরেভালো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লকহিড কোম্পানির তৈরি সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জোলো বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।
সুলু প্রদেশে ইসলামপন্থি বিদ্রোহীদের সঙ্গে ফিলিপাইনের সামরিক বাহিনীর দীর্ঘদিন ধরে লড়াই চলছে। বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের জন্যই বিমানটিতে করে নতুন সৈন্যদের নিয়ে আসা হয়েছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
