Loading...
The Financial Express

প্রায় ৪ লাখ সরকারি পদ শূন্য 

| Updated: June 17, 2022 17:28:40


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

মহামারীর স্থবিরতা কাটিয়ে সাম্প্রতিক সময়ে সব পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া আবার শুরুর মধ্যে সরকারি চাকরিতে প্রায় চার লাখ পদ শূন্য বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্য পদের সংখ্যা তিন লাখ ৯২ হাজার ১১৭ জন। 

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

ভোলা ২ আসনের আলী আজমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত বিসিএসের মাধ্যমে ৪১ হাজার ৫৬৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে। 

এসময়ে প্রথম শ্রেণির নন ক্যডার পদে পাঁচ হাজার ১৪৩ জন, দ্বিতীয় শ্রেণির (১০-১২তম গ্রেড) সাত হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।  

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার প্রেক্ষিতে কর্ম কমিশন ৯ম ও তদূর্ধ্ব গ্রেড চার হাজার ৬৫৮ জন এবং দ্বিতীয় শ্রেণির নন ক্যডার পদে ৪২ হাজার ৪০ জনকে নিয়োগের সুপারিশ করেছে। 

করোনাভাইরাস মহামারীর মধ্যে লকডাউনের সময়কালে সরকারের ফাঁকা থাকা পদ পূরণের কাজ অনেকটাই থমকে ছিল। ২০২১ সালের শেষ দিকে বিধিনিষেধ শিথিল হতে থাকলে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি পর্যায়েও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। 

চিড়িয়াখানায় ৩০৭০ পশুপাখি 

লক্ষ্মীপুর ১ আসনের আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ শ ম রেজাউল করিম জানান, দেশের জাতীয় চিড়িয়াখানায় তিন হাজার ৭০টি পশুপাখি আছে। গত ছয় মাসে চিড়িয়াখানায় ২টি জিরাফ শাবক, ২টি বাঘ শাবক, ১টি করে আফ্রিকান সিংহ, ওয়াইল্ডবিস্ট, ইম্পালা ও জেব্রা শাবকের মৃত্যু ঘটেছে। 

গ্লোরিয়া সরকার ঝর্ণার প্রশ্নের জবাবে চিড়িয়াখানায় পশু-পাখি বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রতিবছর রাজস্ব বাজেট থেকে পশুপাখি কেনা ও পশুবিনিময়ের মাধ্যমে পশু-পাখির সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। 

জাতীয় চিড়িয়াখানায় ১৬ প্রজাতির ৩৮৮টি তৃণভোজি পশু, ১০ প্রজাতির ৩৪টি মাংসাশি পশু, ১১ প্রজাতির ১২৮টি ক্ষুদ্র স্তন্যপায়ী পশু, ৫৯ প্রজাতির এক হাজার ৬৬৫টি পাখি, ৮ প্রজাতির ৬০টি সরীসৃপ ও ২৫ প্রজাতির ৭৯৫টি একুরিয়াম ফিশ রয়েছে। সব মিলিয়ে ১২৯ প্রজাতির ৩ হাজার ৭০টি পশু রয়েছে।  

শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে ৪৬ লাখ ২১ হাজার মেট্রিক টন মৎস্য উৎপাদিত হয়। এ অর্থবছরে পাঁচ লাখ ৬৫ হাজার টন ইলিশ উৎপাদিত হয়েছে। 

Share if you like

Filter By Topic