প্যারিস রোডের গগন শিরিষ বৃক্ষরাজি এখন মৃতপ্রায়!


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | Published: March 15, 2021 19:58:02 | Updated: March 17, 2021 15:23:04


- এফই ছবি

দেশের বিভিন্ন ক্যাম্পাসের আইকনিক স্থানগুলোর অন্যতম হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড। রাস্তাটির খ্যাতি এর দুপাশজুড়ে বিস্তৃত ৩০ থেকে ৪০ মিটার উচ্চতার গগন শিরিষ গাছের রাজসিক সমাহারের জন্য।

বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে শেরে বাংলা হল পর্যন্ত বিস্তৃত প্যারিস রোড এমন নামে পরিচিতি পেয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তাগুলোর সঙ্গে এর সাদৃশ্যের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এটি।

কিন্তু, সাম্প্রতিক বছরগুলোতে এই রাস্তার সংরক্ষণের বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্যারিস রোডের দুপাশে বিস্তৃত যে বৃক্ষরাজি গগন শিরিষ নামে এদেশে পরিচিত, তার বৈজ্ঞানিক নাম অ্যালবিজিয়া রিচার্ডিয়ানা, গাছটি ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত বেঁচে থাকে। ১৯৬৫ সালে রোপিত গাছগুলোর জীবনকাল এখন শেষের দিকে। এর ফলে এগুলো ঝড়ের মুখে টিকতে পারছে না। ২০১৯ সালের এমন এক ঝড়ে একটি গাছের শেকড় উপড়ে উপাচার্যের বাসভবনের প্রাচীরে পড়লে সেটি ভেঙ্গে যায়।

এই ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে গত কয়েক বছরে প্যারিস রোডের দুপাশের অনেক গাছ কেটে ফেলায় রাস্তাটির সৌন্দর্য বেশ খানিকটা কমে গেছে।

বিশ্ববিদ্যালয়ে গত বছর প্রণীত হয়েছে পঞ্চাশ বছরের মহাপরিকল্পনা যেটিতে প্যারিস রোডের মতো ঐতিহ্যবাহী স্থানগুলোর সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একটি দল এখন ঐতিহ্যবাহী এই জায়গার সংরক্ষণের জন্য কাজ করছেন। প্রফেসর ড. সাবরিনা নাজের নেতৃত্বে গড়া এই দল গগন শিরিষ গাছের চারা তৈরি করে সেগুলোকে জরাজীর্ণ ও পুরনো গাছগুলোর জায়গায় রোপনের চেষ্টা করছেন।

প্রফেসর নাজ এ বিষয়ে বলেন, বিশেষ করে উদ্ভিদবিদ্যা বিভাগের উদ্যানবিদদের বিপুল প্রচেষ্টার ফলে আমরা গগন শিরিষের চারা জন্মাতে পেরেছি। উপড়ে যাওয়া ও কেটে ফেলা গাছের জায়গায় ধীরে ধীরে এসব চারা রোপণ করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিক প্রচেষ্টায় আমরা প্যারিস রোডের সংরক্ষণ করে এর সৌন্দর্য বাড়াতে পারব।

Share if you like