রাজধানীর বনানীতে ছয়তলা ভবনে লাগা আগুন পৌনে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ওই ভবনে শনিবার সকাল সোয়া ৯টার দিকে লাগা আগুন দুপুর ১টার দিকে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার বিডিনিজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ১৫টি ইউনিট আগুন নেভায়।
তিনি বলেন, “মূল সড়কের পাশে ভবনটি হলেও পানির উৎস কাছাকাছি না থাকায় আগুন নেভাতে সমস্যা হয়। তৃতীয় তলার তিনটি জানালা দিয়ে ভেতরে পানি দিতে হয়েছে।
“ভবনটির তৃতীয় তলায় এমিকন কোম্পানির গুদাম। ওই গুদামে সলিউশন, কাঠ, বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরির সরঞ্জামসহ দাহ্য পদার্থ ছিল।
অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানিয়েছিলেন, ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির কার্যালয়। তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়, সেখানেই আগুন লাগে।
সকালে প্রথম আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট নেভাতে যায়। পরে আরো ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
বনানী থানার ওসি নূরে আযম বলেন, “আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আগুন লাগার পর আশপাশের ভবনের কর্মরতরা নেমে যায় এবং আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়।”
আগুন লাগার কারণে ভব্নটির সামনের সড়কে যান চলাচল বিঘ্নিত হয় বলে ঢাকা মহানগর পুলিশের পরিদর্শক (ট্রাফিক) মো. সালাউদ্দিন জানান।
“তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি উন্নতি হতে শুরু করে।”
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
