Loading...

পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের জন্য একশ বান্ডিল ঢেউটিন, তিন লাখ টাকা, দুইশ প্যাকেট খাদ্য বরাদ্দ

| Updated: October 20, 2021 12:03:19


পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের জন্য একশ বান্ডিল ঢেউটিন, তিন লাখ টাকা, দুইশ প্যাকেট খাদ্য বরাদ্দ

ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের জেলেপল্লীর হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ঘর বানাতে একশ বান্ডিল ঢেউটিন ও তিন লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

এ বরাদ্দ ছাড়াও তাদের জন্য দুইশ প্যাকেট খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

প্রতিটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি দেশি মসুরের ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং  ১০০ গ্রাম ধনিয়া গুড়াসহ মোট আটটি আইটেম রয়েছে।

প্রতিটি প্যাকেট খাবারে চার সদস্যের পরিবারের প্রায় এক সপ্তাহ চলে যাবে বলে আশা করছে ত্রাণ মন্ত্রণালয়।

মঞ্জুরীকৃত ঢেউটিন, নগদ অর্থ এবং অন্যান্য খাবার সংশ্লিষ্ট সংসদ সদস্যের সাথে পরামর্শে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেইসবুকে এক হিন্দু তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন অভিযোগ তুলে রোববার রাতে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় জেলেপল্লীতে উত্তেজনা ছড়ানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নিয়ে বাড়িটি রক্ষা করলেও পল্লীর অপর বাড়িঘরে আগুন দেয় হামলাকারীরা।

পীরগঞ্জ, মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়। ভোর ৪টা ১০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।

এর মধ্যেই ২৯টি বসতঘর, দুটি রান্নাঘর, দুটি গোয়াল ঘর এবং ২০টি খড়ের গাদা আগুনে পুড়ে যায়।

দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে সহিংসতা শুরুর পর গত কয়েকদিনে তা ছড়িয়েছিল চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে। রোববার এর রেশ ছড়ায় রংপুরেও।

Share if you like

Filter By Topic